ঢাকায় আসছেন ওস্তাদ জাকির হোসেন
১৯৭১ সালে নিউইয়র্কে আয়োজিত কনসার্ট ফর বাংলাদেশ-এ অংশ নিয়েছিলেন কিংবদন্তিতুল্য ওস্তাদ আল্লা রাখা। তিনি আজ নেই। স্বাধীনতার চার দশক পূর্তি উপলক্ষে প্রয়াত ওস্তাদ আল্লা রাখাকে সম্মান জানাচ্ছে প্রথম আলো ও ট্রান্সকম গ্রুপ। তাঁর ছেলে ওস্তাদ জাকির হোসেনের উপস্থিতিতেই এই সম্মান জানানো হবে ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। এই অনুষ্ঠানে ওস্তাদ জাকির হোসেন তবলা বাজাবেন। অনুষ্ঠানটি আমন্ত্রিত অতিথিদের জন্য।ওস্তাদ জাকির হোসেনের জন্ম ১৯৫১ সালে, মুম্বাইয়ে। বাবা আল্লা রাখাও ছিলেন তবলাবাদক। শৈশব থেকে তবলা বাজানোয় অসামান্য দক্ষতা অর্জন করেন জাকির। অচিরেই সবার কাছে শিশুবিস্ময় হিসেবে আবির্ভূত হন। মাত্র ১২ বছর বয়সে এক অনুষ্ঠানে তবলা বাজানোর নিমন্ত্রণ পান। ১৯ বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন। বছরে ১৫০টি কনসার্টে যোগ দেওয়ার রেকর্ডও আছে তাঁর।আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই শিল্পী বেশির ভাগ সময় যুক্তরাষ্ট্রে কাটিয়েছেন। কাজ করেছেন জর্জ হ্যারিসনের মতো খ্যাতিমান শিল্পীর সঙ্গে। মাঝেমধ্যে ভারতে এসেছেন, করেছেন চলচ্চিত্রে সংগীত পরিচালনার কাজ। ১৯৯৮ সালে সাজ এবং ২০০২ সালে অপর্ণা সেনের মিস্টার অ্যান্ড মিসেস আয়ার ছবির সংগীত পরিচালনা করেছেন। ২০০৬ সালে পেয়েছেন গ্র্যামি পুরস্কার।দীর্ঘ আট বছর পর আবারও সংগীত পরিচালনায় হাত দিতে যাচ্ছেন ওস্তাদ জাকির হোসেন। ফর রিয়েল নামে বলিউডের একটি ছবিতে সংগীত পরিচালনা করতে যাচ্ছেন তিনি। সোনা জৈন পরিচালিত ছবিটির গল্প ছয় বছরের একটি মেয়েকে নিয়ে। পরিবারিক ফ্যাসাদের মধ্যে বেড়ে ওঠে মেয়েটি। মন থেকে মা-বাবার কলহ মেনে নিতে পারে না। কল্পনায় নিজস্ব একটা জগৎ তৈরি করে নেয় সে। চলে যায় দূরের একটি গ্রহে, যেখানে তার মা একজন এলিয়েন (গ্রহান্তরের প্রাণী)। ‘গল্পটা শোনার পর ছবিটার সংগীত পরিচালনা করার প্রস্তাব ফিরিয়ে দিতে পারলাম না। অথচ এ ধরনের কাজ আমি করতে চাই না। কারণ চলচ্চিত্রে কাজ করাটা বেশ কষ্টকর।’ বললেন ওস্তাদ জাকির হোসেন।