বিশ্বখ্যাত তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন ঢাকায় আসছেন ৬ ফেব্রুয়ারি। ব্লুজ কমিউনিকেশনস ও বেঙ্গল মিউজিক কোম্পানি লিমিডেটের আয়োজনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজাবেন তিনি। ঢাকার শ্রোতাদের জন্য এ আয়োজন এক অনন্য অভিজ্ঞতা হতে যাচ্ছে। কারণ, এবারই প্রথম ঢাকার মঞ্চে উচ্চাঙ্গসংগীত নয়, বরং ফিউশন-সংগীত পরিবেশন করবেন জাকির হোসেন। তাঁর সঙ্গে ঢাকায় আসছেন ব্যানজো-বাদক বেলা ফ্লেক এবং ডাবল বেইজ-বাদক অ্যাডগার মেয়ার।প্রবাদপ্রতিম তালযন্ত্রবাদক পদ্মশ্রী ও পদ্মভূষণপ্রাপ্ত ওস্তাদ জাকির হোসেন তিনবার গ্র্যামি পুরস্কার জিতেছেন। ঢাকায় তাঁর সফরসঙ্গী বেলা ফ্লেক স্বীকৃত বিশ্বের অন্যতম সেরা ব্যানজো-বাদক হিসেবে। ১৪ বার গ্র্যামি জিতেছেন আর ৩০ বার মনোনয়ন পেয়েছেন বেলা ফ্লেক। কান্ট্রি, পপ, জ্যাজ, ক্লাসিক্যাল, ফোকসহ সংগীতের সবচেয়ে বেশি ধারায় গ্র্যামি মনোনয়ন পাওয়ার কৃতিত্ব এই ব্যানজো-বাদকের। অ্যাডগার মেয়ার বাজান ডাবল বেইজ। বাদনকৌশলে কঠিন এই যন্ত্রটিতে অসাধারণ দক্ষতা অর্জনের জন্য ব্যাপক মনোযোগ কেড়েছেন অ্যাডগার মেয়ার। গ্র্যামি জিতেছেন তিনিও।বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত বেঙ্গল-আইটিসি উচ্চাঙ্গসংগীত উৎসবের বিপুল সাফল্যের ধারাবাহিকতায় বিশ্বখ্যাত তিন শিল্পীকে নিয়ে ৬ ফেব্রুয়ারি এই সংগীতায়োজন হতে যাচ্ছে। প্রাচ্য ও পাশ্চাত্যের সংগীতের এই মিলন দর্শক-শ্রোতা দর্শনীর বিনিময়ে উপভোগ করতে পারবেন। টিকিট পাওয়া যাচ্ছে ধানমন্ডির বেঙ্গল গ্যালারি, গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জ ও বনানীর হরীতকী ক্যাফেতে। বিস্তারিত জানা যাবে: www.facebook.com/bluescom বা ০১৬১৬১১১৮৮৮ নম্বরে ফোন করে।বিনম্র রোদের ছায়াচারুকণ্ঠ আবৃত্তি সংসদ নিয়মিতভাবে ছাত্র-শিক্ষক কেন্দ্রে আবৃত্তি চর্চা করে আসছে। নবীন আবৃত্তিশিল্পীদের বাচিক, উপস্থাপনা ও আবৃত্তিশিল্পী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কয়েক বছর ধরে নিয়মিতভাবে ‘বিনম্র রোদের ছায়া’ শিরোনামে আবৃত্তি অনুষ্ঠান করে সংগঠনটি। তারই ধারাবাহিকতায় আজ শুক্রবার সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠানের দ্বাদশ পর্ব অনুষ্ঠিত হবে। এ পর্বে চারুকণ্ঠ ও আমন্ত্রিত শিল্পীবৃন্দ কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার আবৃত্তি পরিবেশন করবেন। এক মঞ্চে হিটলু ও রোকাইয়া নীলি কৌতুকশিল্পী হিটলু আর রোকাইয়া নীলি আজ সন্ধ্যা ছয়টা ৪৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে একসঙ্গে গান পরিবেশন করবেন। সাংস্কৃতিক সংগঠন টেল এন্ড টিউন আয়োজিত ‘শুধু গান আর গান’ শিরোনামে এ অনুষ্ঠানে আরও সংগীত পরিবেশন করবেন খন্দকার আবুল কালাম। এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক নাট্যব্যক্তিত্ব লিয়াকত আলী।কায়ায় ছাপচিত্র কর্মশালাবাংলাদেশ ও ভারতের শিল্পীদের অংশগ্রহণে ছাপচিত্র কর্মশালা শুরু হচ্ছে উত্তরার গ্যালারি কায়াতে। আজ থেকে কর্মশালা শুরু হয়ে চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ধাতুতক্ষণ মাধ্যমে কাজ করবেন শিল্পীরা। বাংলাদেশের শিল্পীদের মধ্যে রয়েছেন: রফি হক, রোকনুজ্জামান, আনিসুজ্জামান, নগরবাসী বর্মণ, আশরাফুল হাসান ও সুজিৎ সরকার। ভারতের শিল্পীরা হলেন: অতিন বসাক, জয়ন্ত নস্কর ও রমেন্দ্রনাথ কস্তা।ঢাকা আর্ট সেন্টারে চিত্র ও আলোকচিত্র প্রদর্শনীধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে আজ থেকে শুরু হচ্ছে প্রবাসী শিল্পী মশিউল চৌধুরীর দুই সপ্তাহব্যাপী চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী। বিকেল সাড়ে পাঁচটায় প্রদর্শনীর উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিল্পী রফিকুন নবী।