ঢাকায় আসছেন কারিনা কাপুর
বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে আয়োজিত ‘ত্রিদেশীয় বিগ শো’ নামের কনসার্টে আসছেন বলিউড তারকা কারিনা কাপুর। গতকাল শুক্রবার রাতে একটি সূত্র কারিনার আসার খবর নিশ্চিত করেছে। এদিকে ১৮ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজিত এই ত্রিদেশীয় কনসার্ট পিছিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কনসার্টের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ ফেব্রুয়ারি। জানা গেছে, ১৮ ফেব্রুয়ারি ফতুল্লা স্টেডিয়ামে পাকিস্তান বনাম ইংল্যান্ডের প্রস্তুতি খেলা হবে। এ ছাড়া বিশ্বকাপ ক্রিকেট শুরুর আগের দিন রাজধানী ঢাকায় বিশেষ নিরাপত্তা-ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই সরকারের ঊর্ধ্বতন মহলের পরামর্শে ত্রিদেশীয় এই কনসার্টের তারিখ পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বিসিবির পক্ষ থেকে এই কনসার্টের আয়োজন করছে এটিএন ইভেন্টস। আজ শনিবার দুপুরে কনসার্টের তারিখ পরিবর্তনের ব্যাপারটি জানাতে আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ত্রিদেশীয় এই কনসার্টে অংশ নিতে ঢাকায় আরও আসছেন বলিউড তারকা সালমান খান, অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ, প্রিয়াঙ্কা চোপড়া, মালাইকা অরোরা, শান ও প্রিতম। থাকছেন বাংলাদেশ ও শ্রীলঙ্কার তারকারা।