ঢাকায় আসছেন পণ্ডিত যশরাজ
ভারতের প্রখ্যাত শাস্ত্রীয় সংগীতশিল্পী পণ্ডিত যশরাজ বাংলাদেশে আসছেন ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের আমন্ত্রণে। আগামী ১৮ মার্চ সন্ধ্যা সাড়ে ছয়টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় তিনি একক সংগীত পরিবেশন করবেন।ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব দীপক মিত্তাল বলেন, ‘হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের যে কজন জীবন্ত কিংবদন্তি আছেন, পণ্ডিত যশরাজ তাঁদের অন্যতম। আমি জানি, বাংলাদেশে শাস্ত্রীয় সংগীতের অসংখ্য শ্রোতা ও ভক্ত রয়েছেন। তাদের জন্যই আমরা পণ্ডিত যশরাজকে আমন্ত্রণ জানিয়েছি। আশা করছি, ১৮ মার্চের সন্ধ্যাটি এ দেশের শাস্ত্রীয় সংগীতের শ্রোতারা দারুণ উপভোগ করবেন।’ ভারতীয় শাস্ত্রীয় সংগীতের অন্যতম পুরোধা পণ্ডিত যশরাজ কয়েক দশক ধরে তাঁর কণ্ঠের জাদু ও সুরের মায়াজালে দর্শক ও ভক্তদের আচ্ছন্ন করে রেখেছেন। তাঁর ভক্তকুল ভারতের সীমানা ডিঙিয়ে ছড়িয়ে আছে বিশ্বজুড়ে। পণ্ডিত যশরাজ ২০০০ সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক খেতাব পদ্মবিভূষণ লাভ করেন। পদ্মভূষণ পান ১৯৯০ সালে। আর পদ্মশ্রী লাভ করেন ১৯৭৫ সালে। ঢাকায় অনুষ্ঠেয় পণ্ডিত যশরাজের একক সংগীতানুষ্ঠানের অগ্রিম প্রবেশপত্র পাওয়া যাবে ১৩ মার্চ থেকে। আর তা সংগ্রহ করতে হবে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র (বাড়ি-২৪, সড়ক-২, ধানমন্ডি, ঢাকা) ও গুলশান-১-এ (বাড়ি-৩৫, সড়ক-২৪) সাংস্কৃতিক কেন্দ্রের গ্রন্থাগার ও মিলনায়তনে।