ঢাকায় আসছেন লীলা স্যামসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৃত্যশিল্পী লীলা স্যামসন
নৃত্যশিল্পী লীলা স্যামসন

ভারতের প্রখ্যাত নৃত্যশিল্পী লীলা স্যামসন ঢাকায় আসছেন ২০ এপ্রিল। সঙ্গে আসছে তাঁর নাচের দল ‘স্পান্দা’। এ সফরে তিনটি নাচের অনুষ্ঠান এবং একটি কর্মশালা পরিচালনা করবেন লীলা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এই আয়োজন করেছে সাধনা ও সৃষ্টি।
সাধনার শৈল্পিক নির্দেশক লুবনা মরিয়ম জানিয়েছেন, ১৯৯২ সালে সাধনার আমন্ত্রণে লীলা স্যামসন প্রথম ঢাকায় আসেন। ১৯৯৬ ও ১৯৯৭ সালে আরও দুবার তিনি ঢাকায় এসেছেন। এরপর নাচের পাশাপাশি আরও কিছু কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়েন ভরতনাট্যমের প্রখ্যাত এই শিল্পী। তিনি কলাক্ষেত্র ফাউন্ডেশনের পরিচালক এবং সংগীত নাটক আকাদেমি ও সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের চেয়ারপারসন ছিলেন। তবে এখন তিনি নাচ নিয়েই বেশি কাজ করছেন। সম্প্রতি মণি রত্নম পরিচালিত একটি তামিল ছবিতে অভিনয় করেছেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় সাধনা ও সৃষ্টি লীলা স্যামসনকে নিয়ে ২১ থেকে ২৩ এপ্রিল ‘রূপ বাহুল্য ভরতনাট্যম নৃত্য উৎসব’ আয়োজন করেছে। ২১ এপ্রিল সন্ধ্যায় লীলা স্যামসন ও স্পান্দা ভরতনাট্যম পরিবেশন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায়।
২২ ও ২৩ এপ্রিল সন্ধ্যায় তাঁরা অনুষ্ঠান করবেন জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে। এরপর ২৪ থেকে ২৮ এপ্রিল বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহড়াকক্ষে ভরতনাট্যম নাচের কর্মশালা পরিচালনা করবেন লীলা স্যামসন।
এ প্রসঙ্গে লুবনা মরিয়ম বলেন, ‘তিন দিনই ভিন্ন ভিন্ন নৃত্যানুষ্ঠান পরিবেশিত হবে। অনুষ্ঠানে দর্শনীর বিনিময়ে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। এবার আমরা অনলাইনেও প্রবেশপত্র সরবরাহ করছি। www.jetechao.com ওয়েবসাইটে প্রবেশপত্র পাওয়া যাবে।’