ঢাকায় ইন্দ্রনীল সেনগুপ্ত
কাঁধে ট্রাভেল ব্যাগ। পরনে রংচটা জিন্স। হালকা ফিরোজা রংয়ের শার্ট। প্রথমবারের মতো ঢাকার মাটিতে পা রেখেই বলিউড অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত মেঘলা আকাশ দেখে জানতে চাইলেন, ‘ঢাকায় কি বৃষ্টি হবে? নাকি হয়ে গেছে।’হরতালের দিন। ঢাকায় নেমে কী অনুভূতি? ‘এখনো খুব বেশি দেখা হয়নি। একটু ফাঁকা ফাঁকা। ভালোই লাগছে।’ একটু ভেবেচিন্তে ইন্দ্রনীলের জবাব। জেট এয়ারওয়েজের একটি বিমানে গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় ঢাকায় এসে পৌঁছান ইন্দ্রনীল সেনগুপ্ত। বিমানবন্দর থেকে বের হওয়ার পর কথা হয় তাঁর সঙ্গে। রেদওয়ান রনির চোরাবালি ছবির শুটিংয়ে অভিনয়ের জন্য তাঁর প্রথমবারের মতো ঢাকার মাটিতে পা রাখা। বিমানবন্দর থেকে তিনি চলে যান অতিথিশালায়। আগামী কয়েক দিন পুরান ঢাকার বিভিন্ন লোকেশনে চলবে চোরাবালি ছবির চিত্রধারণের কাজ। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করবেন জয়া আহসান। অংশুমানের ছবি, অটোগ্রাফ, আরেকটি প্রেমের গল্প ও জানালা ছবিতে অভিনয় করে দারুণ প্রশংসিত হয়েছেন ইন্দ্রনীল। তাঁর অভিনীত হিন্দি ছবির মধ্যে আছে বিক্রম ভাটের ১৯২০ ও মুম্বাই সালসা। অভিনয় করেছেন কয়েকটি হিন্দি সিরিয়ালেও। সঞ্চালক হিসেবে কাজ করছেন স্টার জলসার ১০০০ ঘণ্টা অনুষ্ঠানে।