ঢাকায় এশীয় ছবির উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশীয় চলচ্চিত্র উৎসব ২০১৬ উদ্বোধন করছেন অতিথিরা l ছবি: প্রথম আলো
এশীয় চলচ্চিত্র উৎসব ২০১৬ উদ্বোধন করছেন অতিথিরা l ছবি: প্রথম আলো

‘দেশীয় পর্দায় এশীয় চলচ্চিত্র’ দেখতে ভরে উঠেছিল টিএসসির প্রধান মিলনায়তন। বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র সংসদের আয়োজনে চলচ্চিত্র উৎসব ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের কাছে। ছবি দেখা, আলোচনা, সেসব নিয়ে লেখালেখি ছাড়াও ছবি নির্মাণের পথে হয়তো এগোবেন তাঁরা।
গতকাল সোমবার দুপুর ১২টায় শুরু হয় চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিকতা। এমসিজে ফিল্ম ক্লাবের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি অভিনেত্রী সারাহ বেগম কবরী, চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম ও মোস্তফা সরয়ার ফারুকী এবং অভিনেতা ফেরদৌস। উৎসবটি উদ্বোধন করার কথা ছিল নায়করাজ রাজ্জাকের। কিন্তু তিনি আসতে পারেননি।
কবরী বলেন, ‘ছোট বা বড় যেমনই হোক, উৎসবের ধারাবাহিকতা রাখতে হবে। আর এ ধরনের উৎসবের ব্যাপারে সরকারকে নজর দিতে হবে। উৎসবই শেষ কথা নয়। উৎসব শেষে নিয়মিত বসতে হবে, ছবি নিয়ে আলোচনা করতে হবে। আমাকে ডাকলে আমিও সেসব আলোচনায় যোগ দিতে পারব। তাহলে নতুন আরও ভালো কিছু করা সম্ভব হবে।’
শিক্ষার্থীদের উদ্দেশে নির্মাতা মোরশেদুল ইসলাম বলেন, ‘বিংশ শতাব্দীর মাস্টার পিস ছবির তালিকায় যুক্ত হতে যাচ্ছে চাকা ছবিটি। এটি আমার জন্য গৌরবের। আর তা সম্ভব হয়েছে লেগে ছিলাম বলেই। লেগে থাকলে তোমরাও পারবে।’
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘নিজের মতো ছবি বানানোর একটা ঝুঁকি আছে। নিজের সময়ে নানা বিরোধিতার মুখে পড়তে হয়। সেসব সহ্য করতে পারলে নিজের একটা স্টাইল দাঁড়ায়।’
আরেফিন সিদ্দিক বলেন, ‘আজকের পৃথিবীর যে সংকট, তা শুরু থেকেই ছিল। আলো ও অন্ধকারের যে দ্বন্দ্ব, তা দূর করতে মনের সংকীর্ণতা দূর করতে হবে; যা পারে চলচ্চিত্র।’
প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে ‘এশীয় চলচ্চিত্র উৎসব ২০১৬’ অনুষ্ঠান শুরু করেন অতিথিরা। এরপর দেখানো হয় এমসিজে ফিল্ম ক্লাব নিয়ে একটি তথ্যচিত্র। ২০০৪ সালে যাত্রা শুরুর পর বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের এই চলচ্চিত্র সংসদ। শুভেচ্ছা বক্তব্যে ক্লাসের ফাঁকে একটি দিন শুধুই সিনেমা দেখার জন্য বরাদ্দ রাখার আহ্বান জানান সংগঠনটির কর্মীরা। এ ছাড়া প্রথিতযশা চলচ্চিত্র ও চলচ্চিত্রকারদের নিয়ে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের লেখা নিয়ে এশীয় চলচ্চিত্র পাঠ নামে একটি সংকলনেরও মোড়ক খোলা হয় আয়োজনে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও আয়োজক সংগঠনটির মডারেটর সাবরিনা সুলতানা চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের চেয়ারপারসন মফিজুর রহমান। শেষে বড় পর্দায় দেখানো হয় চীনের ছবি হাউস অব ফ্লাইং ড্যাগার্স।
আজ বেলা ১১টা, দেড়টা, বিকেল ৪টা ও সন্ধ্যা সাড়ে ৬টায় দেখানো হবে হংকং, ইরান, জাপান ও বাংলাদেশের চলচ্চিত্র।