ঢাকায় কলকাতার ‘দোহার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধুনিক কিছু মানুষ। একটি গানের দল। বিশ্বায়নের এই সময়ে আধুনিক কোনো বাদ্যযন্ত্র নিয়ে তাঁরা বসেন না গানের আসরে। লোকগান করেন প্রাণের ভালোবাসায় লোকগানের মতো করে। মৌলিক কোনো গান না করে শুধু বাংলাদেশের লোকগান পরিবেশন করে শ্রোতা-দর্শকের মনে স্থান করে নিয়েছেন বেশ আগেই। আর পরিচিত হয়েছেন জনপ্রিয় গানের দল হিসেবে। কলকাতার গানের এই দলটির নাম ‘দোহার’।ব্যক্তিগতভাবে বাংলাদেশে আগে আসা হয়েছিল কালিকা প্রসাদের। তবে লোকগানের জনপ্রিয় এই ব্যান্ড দলটি প্রথমবারের মতো বাংলাদেশে এসেছিল বৃহস্পতিবার। নিজেদের কোনো মৌলিক গান থাক বা না থাক, এফএম রেডিওগুলো এবং স্যাটেলাইট চ্যানেলের কারণে দুই বাংলার শ্রোতাদের কাছে জনপ্রিয় এই ব্যান্ড দলটিকে সম্প্রতি আমন্ত্রণ জানিয়েছিল দেশ টিভি। আট সদস্যের এই দলের সাতজন এসেছিলেন এবারের সফরে। তাঁরা হলেন কালিকা প্রসাদ, মৃগনাভি, অমিত, নীরঞ্জন, সত্যজিত্, ঋত্বিক, দেবাশীষ ও রাজীব। ব্যান্ডটির পরিচালক ও গায়ক কালিকা প্রসাদের কাছে প্রথম প্রশ্ন্নটা ছিল দোহারের নামকরণ নিয়ে। তিনি বললেন, ছোট চাচা অনন্ত ভট্টাচার্যের লোক বিচিত্রা নামের একটি গানের দল ছিল। এক সময় আমি পড়াশোনা করার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চলে আসি। সেখানে আমি তুলনামূলক সাহিত্য নিয়ে পড়েছি। ১৯৯৮ সালে হঠাত্ করেই চাচা মারা যান। বেঁচে থাকা অবস্থায় তিনি প্রায়ই লোক বিচিত্রা ও লোকগান নিয়ে অনেক স্বপ্নের কথা বলতেন। কাকার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে কিছু একটা করার কথা ভাবলাম। পরের বছর অনুষ্ঠান করার জন্য হল বুকিং দিলাম। তখনো কিন্তু ব্যান্ডের নাম ঠিক করা হয়নি। এরই মধ্যে অভিক মজুমদার নামে আমারই এক শিক্ষক দোহার নামটা দিলেন। তাঁকে জিজ্ঞেস করলাম দোহার কেন? তিনি বললেন ‘তোরা সবাই তো সমবেতভাবে গান করিস। তোরা তো কেউই লোকসংগীতের আদত শিল্পী না। তোরা তো শুধু ধুঁয়ো দিয়ে যাচ্ছিস। তাই দোহার নামটাই যথোপযুক্ত।’ গানের সঙ্গে দোহার সব দেশীয় যন্ত্র ব্যবহার করে। এ ব্যাপারে কালিকা বললেন, ‘শুরুর দিকে অনেকেই বলেছিল, এখন ব্যান্ডে কত আধুনিক বাদ্যযন্ত্র লোকজন ব্যবহার করে। অথচ তোমরা ঢোল, তবলা, কাসা, সারিন্দা ব্যবহার করছ। এটা কি মানুষ আদৌ শুনবে? আজকে যে অন্য দেশে এসে অনুষ্ঠান করছি সেটা তো অবশ্যই দেশীয় ও পুরোনো বাদ্যযন্ত্রের কল্যাণেই।’দোহারের সব গানই বিভিন্ন উত্স থেকে সংগ্রহ করা। এ প্রসঙ্গে তিনি বললেন, ‘আমি বড় হয়েছি দূরবীন শাহ, হাসন রাজা, লালন ফকির, আব্বাস উদ্দীনের গান শুনে। পশ্চিমবঙ্গের চেয়ে এ অঞ্চলে লোক গানের ব্যাপ্তি অনেক বেশি। দূরবীন শাহ, হাসন রাজা, লালন ফকিরের গান দিয়েই আমরা শুরু করি। তবে এখন পশ্চিমবঙ্গের লোকশিল্পীদের গানও আমরা সংগ্রহ করছি।’মঞ্চে এবং নিজেদের অডিও অ্যালবামে শাহ আবদুল করিমের গান করেছে দোহার। ২০০০ সালে শাহ আবদুল করিমের সঙ্গে দেখাও করেছেন কালিকা প্রসাদ। বললেন, ‘কলকাতার মঞ্চে প্রায়ই আমি বলি, শাহ আবদুল করিমের মতো একজন গুণী মানুষের সঙ্গে দেখা করাটা অনেক সৌভাগ্যের ব্যাপার। সত্যি কথা বলতে ২০০০ সালের ফেব্রুয়ারিতে তিনটি কারণে আমার বাংলাদেশে আসা। প্রথমটা ছিল শাহ আবদুল করিমকে কাছ থেকে দেখা। দ্বিতীয়টা ২১ ফেব্রুয়ারির ঢাকা দেখা। আর ফকির লালনের মাজারে যাওয়া।’ ইদানীং দোহার রবীন্দ্রনাথের গানও করছে। এ প্রসঙ্গে তিনি বললেন, ‘রবীন্দ্রনাথ যখন ১৯০৫ সালে স্বদেশী গানের বই বের করেন তার নামও ছিল বাউল। রবীন্দ্রনাথ নিজেও কিন্তু বাউল গানের প্রতি আগ্রহী ছিলেন। রবীন্দ্রনাথ শুধু বাউলের সুর নয় ভাবটাকে গ্রহণ করেছেন। এ সময় এসে মনে হয়েছে রবীন্দ্রনাথের গান নিয়েও আমাদের ভাবা উচিত। আমরা যে আসলে নগরে এবং গ্রামের মধ্যে একটা সেতু গড়ার কথা বলি এটা সবচেয়ে বেশি বলেছেন রবীন্দ্রনাথ। মূলত রবীন্দ্রনাথের এসব বিষয় নিয়ে পড়ে রবীন্দ্রসংগীতের প্রতি আগ্রহী হয়ে পড়ি বলতে পারেন। কালিকা প্রসাদ জানালেন, চট্টগ্রাম ও নোয়াখালীর আঞ্চলিক গান সংগ্রহ করবেন তাঁরা। জসীমউদ্দীনের গান নিয়েও পরিকল্পনা হচ্ছে। এসব গান সংগ্রহ করে অ্যালবাম করবে দোহার।