ঢাকায় কী হচ্ছে এসব!

সুইমিং পুলে পানি ছিল না। রোদ্রস্নানের বেদিটি নামিয়ে রাখা হয়েছিল সেখানে। একটি অপরিণত ভ্রুণখণ্ড হাতে একজন নারী কী করছিলেন সেখানে? ঢাকায় কী হচ্ছে এসব? কাছে গিয়ে জানা গেছে, এর সবই সাজানো ঘটনা। সমাজের রন্ধ্রে রন্ধ্রে আটকে থাকা ঘটনা শিল্পরূপে প্রদর্শন করছেন একদল তরুণ শিল্পী।
আজ বুধবার সকাল থেকে ঢাকায় শুরু হয়েছে তিন দিনের দ্বিবার্ষিক পারফরমেন্স আর্ট প্রদর্শনী ‘ঢাকা লাইভ আর্ট পারফরমেন্স ২০১৭’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুল, চারুকলা ও সোহরাওয়ার্দী উদ্যানের ছবির হাটে এসব পরিবেশনা করেন শিল্পীরা। নিজের প্রদর্শনী সম্পর্কে শিল্পী নাজিয়া আন্দালিব জানান, নারী সন্তান জন্ম দিতে না পারলে তাঁকে নিয়ে সমাজে নানা কানাঘুষা হয়, মেয়ে শিশু জন্ম দিলেও সমাজ মেনে নিতে চায় না। এ দুই পরিস্থিতির মধ্যে নারীর যে অসহায়ত্ব, সেটাই তাঁর পরিবেশনার বিষয়বস্তু।
গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী কেন্দ্রের মুনীর চৌধুরী সম্মেলন কক্ষে এক সেমিনারের মধ্য দিয়ে এ প্রদর্শনী উদ্বোধন করা হয়। পারফরমেন্স আর্টভিত্তিক আন্তর্জাতিক এ প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশের সমকালীন তরুণ শিল্পীদের সংগঠন ‘ব্যাক আর্ট’। এতে অংশ নিচ্ছেন ১৩ দেশের ৪৬ জন শিল্পী। আজ পরিবেশনা ছিল নাটকের দল প্রাচ্যনাটের।

কাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে, বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুল ও সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে চলবে প্রদর্শনী। শেষ দিন শুক্রবারের প্রদর্শনী সকাল ১০টা থেকে বেলা ১টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে, বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা সোহরাওয়ার্দী উদ্যানে ও সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে।
বাংলাদেশ ছাড়াও এ প্রদর্শনীতে যোগ দিচ্ছে অস্ট্রেলিয়া, জাপান, জ্যামাইকা, ব্রাজিল, মন্টিনিগরো, চীন, নেপাল, পর্তুগাল, জার্মানি, স্লোভাক রিপাবলিক, তাইওয়ান, ভারত, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়ার শিল্পীরা। প্রদর্শনীর পরিচালক শুভ সাহা জানান, প্রথমবারের মতো দেশে এই রকম একটি লাইভ আর্ট প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এটি বাংলাদেশের লাইভ আর্টের সব থেকে বড় আয়োজন।