ঢাকায় গান গেয়ে মুগ্ধ ফসিলস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার এ সময়ের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ফসিলস। এক যুগেরও বেশি সময় গান করছে তারা। বাংলাদেশে মোট তিনবার এসেছে ফসিলস। তবে এবারের সফরটি তাঁদের সংগীতজীবনের অন্যতম সেরা অর্জন বলে মনে করছেন ফসিলস ব্যান্ডের রূপম ইসলাম। দেশ টিভিতে গত শনিবার রাতে ‘কল-এর গান’ অনুষ্ঠানে গান করেছে ফসিলস। রোববার কলকাতার উদ্দেশ্যে যাত্রা করার আগে দুপুরে ঢাকা ক্লাবের অতিথিশালায় কথা হলো রূপম ইসলামের সঙ্গে। তিনি বললেন, ‘এবারের অভিজ্ঞতা একেবারে অন্য রকম। বাংলাদেশে টিভি চ্যানেলের স্টুডিও কনসার্টের ভাবনাটি ভালো লেগেছে।’ফসিলসের শুরুটা ১৯৯৮ সালে। ব্যান্ডের নাম ফসিলস হওয়ার কারণ প্রসঙ্গে রূপম বললেন, ‘রক গান তখন শ্রোতারা খুব একটা গ্রহণ করছিল না। তার পরও আমরা রক গান নিয়েই এগিয়েছি। আমাদের কাছে রক মিউজিককে মনে হয়েছিল আগামী প্রজন্মের গান। নানা ধরনের চাপ নিতে নিতে লিখেছিলাম “খোঁড়ো আমার ফসিল, অনুভূতির মিছিল/প্রতিক্রিয়াশীল কোনো বিপ্লবে, শোনো তুমি কি আমার হবে?”। এখান থেকেই ফসিলস নামটা নির্বাচন করা হয়।’ সম্প্রতি মহানগর অ্যাট কলকাতা ছবিতে গান গেয়ে নেপথ্য গায়ক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন রূপম। জানালেন, এখন চলচ্চিত্রের গানে কণ্ঠ, সুর ও সংগীত পরিচালনা নিয়ে দারুণ ব্যস্ত তিনি। সঙ্গে আছে স্টেজ শো। রূপমের তিনটি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। শিগগিরই আসছে চতুর্থটি। আর পূজায় আসবে ফসিলসের পরবর্তী অ্যালবাম। রূপম বলেন, ‘একসময় সাংবাদিকতার সঙ্গেও জড়িত ছিলাম। তখন বাংলাদেশের আইয়ুব বাচ্চু ও মাকসুদের সাক্ষাৎ কার নিয়েছিলাম।হাতে সময় একেবারেই কম। বিমানবন্দরের উদ্দেশ্যে ছুটতে হবে।’ দেশ টিভির আগের রাতের অনুষ্ঠান নিয়ে রূপম বলেন, ‘অনেকেই ফোন করে ফসিলসের জনপ্রিয় গানগুলোর জন্য অনুরোধ করেছেন। ভাবতেই পারিনি, বাংলাদেশে আমাদের গানের এত শ্রোতা আছেন। এবারের সফরটা অনেক দিন মনে থাকবে।’