ঢাকায় চলছে ‘কে হতে চায় কোটিপতি’র অডিশন
দেশ টিভিতে কোটি টাকা জেতার অনুষ্ঠান ‘কে হতে চায় কোটিপতি’র ঢাকার অডিশন রাউন্ডের দ্বিতীয় পর্বের কার্যক্রম চলছে। এর আগে ২৩ জুলাই চট্টগ্রাম ও সিলেটে অঞ্চলের প্রতিযোগীদের নিয়ে দ্বিতীয় পর্বের অডিশন শেষ হয়। এদিকে ১০ থেকে ১৭ জুলাইয়ের ঢাকাসহ অন্য বিভাগের যেসব প্রতিযোগী এসএমএস পাঠিয়েছেন, সেখান থেকে সঠিক উত্তরদাতার মধ্যে থেকে কম্পিউটার রেন্ডোমাইজারে ৫৪০ জনকে নির্বাচিত করা হয়। এঁদেরকে নিয়ে আজ সোমবার ঢাকার ইমান্যুয়েলসে চলছে অডিশন রাউন্ডের দ্বিতীয় পর্ব। ১০ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে কে হতে চায় কোটিপতির প্রচার শুরু হওয়ার পাশাপাশি চলতে থাকে নিবন্ধন প্রক্রিয়ার দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম। এতে নির্দিষ্ট প্রশ্নের উত্তর দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ব্যাপক সাড়া পড়ে। কিন্তু এ ক্ষেত্রেও রেন্ডোমাইজার পদ্ধতিকে বাছাই প্রক্রিয়ার জন্য বেছে নেওয়া হয়।এ ছাড়া আগামী ১৮ তেকে ৩১ জুলাইয়ের মধ্যে যেসব এসএমএস আসবে সেখান থেকেও সঠিক উত্তরদাতাদের কম্পিউটার রেন্ডোমাইজার পদ্ধতিতে নির্বাচিত করা হবে। এসব প্রতিযোগীকে নিয়ে আগামী ৫ আগস্ট অনুষ্ঠিত হবে অডিশন রাউন্ডের তৃতীয় পর্ব।