ঢাকায় চার দিনের শাস্ত্রীয় সংগীতের উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় আসছেন ভারতের শাস্ত্রীয় সংগীতের বিশিষ্টজন বিদুষী গিরিজা দেবী, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া, পণ্ডিত অজয় চক্রবর্তী, পণ্ডিত বির্জু মহারাজ, পণ্ডিত শিব কুমার শর্মা, ওস্তাদ রশীদ খান, পণ্ডিত রাজন মিশ্র, পণ্ডিত সাজন মিশ্র, পণ্ডিত উলহাস কাশালকার, ওস্তাদ শহীদ পারভেজ খান, ওস্তাদ আলী আহমেদ হোসেন খান, পণ্ডিত কুমার বোস, তেজেন্দ্র নারায়ণ মজুমদার, সুজাতা মহাপাত্র, আলারমেল ভাল্লি, বুদ্ধদেব দাশগুপ্ত, পূর্বায়ন চট্টোপাধ্যায়, কৌশিকি দেশিকানসহ আরও অনেকে। ঢাকায় আয়োজন করা হচ্ছে চার দিনের শাস্ত্রীয় সংগীতের উৎসব ‘বেঙ্গল আইটিসি এসআরএ ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল’। আগামী ২৯ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত এ উৎসব যৌথভাবে আয়োজন করছে বেঙ্গল ফাউন্ডেশন ও কলকাতার আইটিসি সংগীত রিসার্চ একাডেমি। প্রধান সহযোগিতায় প্রথম আলো। উৎসবে থাকবে এই বিশিষ্ট শিল্পীদের পরিবেশনা। থাকছে বাংলাদেশের শাস্ত্রীয় সংগীতের বিশিষ্ট শিল্পীদের পরিবেশনাও। বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশে এবারই প্রথম শাস্ত্রীয় সংগীতের এ ধরনের বড় আয়োজন করা হচ্ছে। শাস্ত্রীয় সংগীতের অনেক দিকপালের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের নাম। বাংলাদেশের সংগীতের ইতিহাস অনেক সমৃদ্ধ। কিন্তু আজকের প্রজন্ম তা জানে না। আর শাস্ত্রীয় সংগীতের চর্চাও বাংলাদেশে এখন আর সেভাবে হচ্ছে না। শাস্ত্রীয় সংগীতের ব্যাপারে সবাইকে আগ্রহী করে তুলতে এ ধরনের উৎসব উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। এসব দিক বিবেচনা করেই আমরা এ উৎসব আয়োজনে আগ্রহী হয়েছি। এখন থেকে প্রতিবছর ঢাকায় এ ধরনের উৎসব আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।’ লুভা নাহিদ চৌধুরী জানান, ভারতের কলকাতার আইটিসি সংগীত রিসার্চ একাডেমিতে বাংলা গানের একটি উৎসবের আয়োজন করা হবে। চার দিনের এ উৎসব শুরু হবে আগামী ২১ ডিসেম্বর। এখানে অংশ নেবেন বাংলাদেশের প্রায় অর্ধশত শিল্পী।