ঢাকায় ছবি মেলা ৩ ফেব্রুয়ারি থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৃক গ্যালারিতে ছবি মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা l ছবি: প্রথম আলো
দৃক গ্যালারিতে ছবি মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা l ছবি: প্রথম আলো

দৃক পিকচার লাইব্রেরি লিমিটেড এবং পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট যৌথভাবে ২০০০ সাল থেকে দুই বছর অন্তর আয়োজন করে আসছে আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব ‘ছবি মেলা’। যার নবম আসর বসছে ৩ ফেব্রুয়ারি থেকে।
এবারের ছবি মেলার মূল প্রতিপাদ্য ‘অবস্থান্তর’। দুই সপ্তাহব্যাপী এবারের উৎসবে বাংলাদেশসহ ১৯টি দেশ অংশ নেবে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ২১ জন আলোকচিত্রীরও এ উৎসবে যোগ দেওয়ার কথা। উৎসবের মূল প্রদর্শনীস্থল বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এ ছাড়া পুরান ঢাকার তিনটি স্থানে এ উৎসব অনুষ্ঠিত হবে। থাকবে ভ্রাম্যমাণ প্রদর্শনী।
গতকাল সোমবার ধানমন্ডির দৃক গ্যালারিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে বক্তব্য দেন উৎসব পরিচালক শহিদুল আলম, ছবি মেলা ৯-এর কিউরেটরিয়াল টিমের সদস্য এ এস এম রেজাউর রহমান, মাহবুবুর রহমান, মুনেম ওয়াসিফ ও স্থপতি সালাউদ্দিন আহমেদ। লিখিত বক্তব্য পাঠ করেন আয়োজনের প্রেস অ্যান্ড মিডিয়ার প্রধান মুনিরা মোরশেদ মুন্নী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের ছবি মেলায় বাংলাদেশসহ ১৯টি দেশ অংশ নিচ্ছে। এসব দেশের ২৭ জন শিল্পীর ৩১টি প্রদর্শনী থাকবে। কানু গান্ধীর ‘কানু’স গান্ধী’, নাসির আলী মামুনের ‘দ্য পোয়েট উইথ দ্য ক্যামেরা, ফটোগ্রাফস অব নাসির আলী মামুন/ফটোজিয়াম (১৯৭২-১৯৮২)’, পুষ্পমালা এনের ‘নেটিভ উইমেন অব সাউথ ইন্ডিয়া: ম্যানারস অ্যান্ড কাস্টমস’ (২০০০-২০০৪), নাঈম মোহাইমেনের ‘ইউনাইটেড রেড আর্মি’, স্ট্যানলি গ্রিনের ‘ওপেন উন্ড’র মতো দেশ-বিদেশের বিখ্যাত সব আলোকচিত্রীর কাজের সম্ভার থাকছে এবারের আয়োজনে। এ বছরই প্রথমবারের মতো ছবি মেলা ১০ জন বাংলাদেশি শিল্পীকে ‘ফেলো’ হিসেবে নির্বাচিত করে তাঁদের বিভিন্ন মাধ্যমের শিল্পকর্ম প্রদর্শন করছে।