ঢাকায় জমজমাট নাট্যোৎসব
নবীন বৈশাখে রাজধানীর নাট্যামোদীরা আবারও মেতে উঠেছে নাট্যোৎসবে। শিল্পকলা একাডেমীতে চলছে দুটি নাট্যোৎসব। ঢাকার বাইরের বেশ কিছু নাট্যদলও উৎসবে অংশ নিয়েছে। সন্ধ্যায় তাদের পরিবেশনা উপভোগ করতে বিভিন্ন মঞ্চে ভিড় করছে নাট্যামোদীরা।জাতীয় নাট্যশালায় চলছে ফরাসি নাট্যোৎসব। ফরাসির কালজয়ী নাট্যকারদের নাটক নিয়ে এই উৎসবের তৃতীয় দিন গতকাল সোমবার মঞ্চস্থ হয়েছে জ্যাঁ পল সার্ত্রের লা মা সাল-এর বাংলা অনুবাদ রাজনৈতিক হত্যা। এটি উদীচীর কেন্দ্রীয় নাটক বিভাগের সপ্তদশ প্রযোজনা। নাটকটি অনুবাদ করেছেন অর্পিতা ঘোষ, নির্দেশনা দিয়েছেন রতন দেব।মধ্য ইউরোপের একটি কাল্পনিক দেশ নাটকটির পটভূমি। দেশের নাম ইলিথিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের কাহিনি। ইলিথিয়ার সরকার জার্মানির সঙ্গে চুক্তিতে আবদ্ধ। একসময় দেখা যায়, সোভিয়েত সেনাবাহিনী দেশটি দখল করতে আসছে। এ রকম এক অবস্থায় কমিউনিস্ট পার্টি দ্বিধাবিভক্ত হয়ে যায়। তাৎক্ষণিকভাবে বিদেশি সেনাবাহিনী কর্তৃক চাপিয়ে দেওয়া সরকার, নাকি পরে জনগণের নির্বাচিত সরকার—এই নিয়ে সৃষ্টি হয় দ্বন্দ্ব। পার্টির নেতা হোয়েডারার যখন দ্বিতীয় সমাধানটিই সঠিক বলে সবাইকে প্রায় সম্মত করে ফেলেছে, তখন পার্টির অপর অংশ তাকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। ইউগো নামের এক তরুণকে কাজটি সম্পন্ন করার ভার দেওয়া হয়। সেও সাগ্রহে কাজটি করবে বলে হোয়েডারারের সেক্রেটারি হিসেবে চাকরি নিয়ে তার কাছে যায়। হোয়েডারারের সান্নিধ্যে ইউগোর মনে নানা দ্বিধাদ্বন্দ্ব উপস্থিত হয়। শুধু তাই নয়, একপর্যায়ে হোয়েডারারের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জন্ম নেয়। কিন্তু শেষ পর্যন্ত ইউগো তাকে হত্যা করে। পাল্টে যায় দৃশ্যপট। দুই বছর পর জেল থেকে বেরিয়ে ইউগো দেখে, পার্টি এখন হোয়েডারারের নীতিই গ্রহণ করেছে এবং সে এখন পার্টির কাছে এক অবাঞ্ছিত গুপ্তঘাতক। এবার চক্রান্ত হচ্ছে তাকেই গুপ্ত হত্যার। অবশেষে তাকে একটা সুযোগ দেওয়া হয়, পুরো বিষয়টি ভুলে যেতে হবে। কিন্তু হোয়েডারারের মৃত্যুকে রাজনৈতিক মহিমাদানের সিদ্ধান্ত নিয়ে ইউগো খুন হওয়াকেই শ্রেয় মনে করে।নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয়া সেনগুপ্তা, আসলাম অরণ্য, মনোহর চন্দ্র দাস, জিয়াউর রহমান, আমিনুল ইসলাম, মৌমিতা জান্নাত, কামরুল হাসান, রিফাত হোসেন, বিজন রায় ও মাসুমুর রহমান। পরে একই মঞ্চে ঢাকা থিয়েটার মঞ্চস্থ করে স্যামুয়েল বেকেটের ওয়েটিং ফর গোডো। দুই ভবঘুরের কহিনি। এস্ট্রাগন ও ভ্লাদিমির। যারা মেঠোপথে এক গাছের নিচে গোডোর জন্য প্রতীক্ষা করে। এই অপেক্ষার মাঝে তাদের দেখা হয় আরও নতুন দুই চরিত্রের সঙ্গে। তাদের একজন নিষ্ঠুর প্রভু পোজা। অন্যজন নিপীড়িত দাস লাকি। তাদের নিয়েই এগিয়ে যায় ঘটনা। আতাউর রহমান নাটকটির নির্দেশনা দিয়েছেন।একক অভিনয় উৎসবেও দুটি নাটক: শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটারে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা বিফোর ব্রেকফাস্ট এবং চারুনীড়ম নানা রঙের দিনগুলি মঞ্চায়ন করে। শেষ হলো পথনাট্যোৎসব‘নাটক হবে রাজপথে, জীবনযুদ্ধ একই সাথে’ স্লোগান নিয়ে বাংলাদেশ পথনাটক পরিষদ আয়োজিত সপ্তাহব্যাপী নাট্যোৎসব গতকাল শেষ হলো। কেন্দ্রীয় শহীদ মিনারে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন মান্নান হীরা, হাসান আরিফ, মিজানুর রহমান প্রমুখ। ঐতিহ্য বই উৎসবসৃজনশীল প্রকাশনা সংস্থা ঐতিহ্যের ১১ বছর পূর্তি উপলক্ষে গত রোববার থেকে ঢাকা ও চট্টগ্রামে শুরু হয়েছে বই উৎসব। এই বই উৎসবে পাঠকেরা ২৫ শতাংশ থেকে ৭০ শতাংশ কমিশনে বই কিনতে পারছে। রোববার সকালে রাজধানী ঢাকার কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বরে এবং চট্টগ্রামের স্টুডিও থিয়েটারে আনুষ্ঠানিকভাবে এ উৎসব শুরু হয়। ঢাকায় বই উৎসব চলবে আগামী ২০ মে এবং চট্টগ্রামে ৮ মে পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত পাঠকেরা বই সংগ্রহ করতে পারবে।শুদ্ধস্বরের বইমেলাপ্রকাশনা প্রতিষ্ঠান শুদ্ধস্বরের বইমেলা শুরু হয়েছে গতকাল। বাংলা নববর্ষ উপলক্ষে গতকাল কেন্দ্রীয় গণগ্রন্থগার চত্বরে যৌথভাবে এই মেলার উদ্বোধন করেন ২০১১ সালের বইমেলায় শুদ্ধস্বর প্রকাশিত বইয়ের নারী লেখকেরা। প্রকাশক আহমেদুর রশীদ চৌধুরী জানান, আগামী শুক্রবার পর্যন্ত চলবে এই মেলা। বইমেলায় ৩০ শতাংশ থেকে ৭০শতাংশ পর্যন্ত কমিশনে বইগুলো পাওয়া যাবে।রংপুর বিভাগীয় নাট্যোৎসবনিজস্ব প্রতিবেদক, রংপুর জানান, রংপুরে গতকাল সোমবার থেকে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে ও শিল্পকলা একাডেমীর সহযোগিতায় ১০ দিনব্যাপী বিভাগীয় নাটোৎসব শুরু হয়েছে । বিকেলে রংপুর টাউন হলের ১২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত উৎসবের উদ্বোধন করেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। এ ছাড়া অতিথি ছিলেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য তৌফিক হাসান, মো. আকতারুজ্জামান, আসাদ উদ্দিন প্রমুখ।উদ্বোধনী দিনে রংপুর নাট্যকেন্দ্রের পরিবেশনায় নৃত্যনাট্যের ঘাসফুল ও শিখা সংসদের সদগতি নাটক মঞ্চায়িত হয়।