ঢাকায় জ্যাজ গানের দল ‘জ্যাজমিন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্যাজ গানের দল জ্যাজমিনের যাত্রা শুরু হয়েছিল ২০০৫ সালে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ওস্তাদ রবি শংকরের বাসায় প্রথম বসেছিলেন এই ব্যান্ডের সদস্যরা। ব্যান্ডের নামটিও দিয়েছিলেন রবি শংকর। ওই বছরই ভারতে প্রথমবারের মতো কনসার্ট করতে আসে জ্যাজমিন। সফরের একটি কনসার্টের গান নিয়ে বের হয় তাদের প্রথম অ্যালবাম লাইভ অ্যাট নেহেরু পার্ক। গত বৃহস্পতিবার এসেছে জ্যাজমিন। ঢাকায় দুটি কনসার্টে অংশ নেবে তারা। শুক্রবার প্রথম কনসার্টটি অনুষ্ঠিত হয় গুলশানের একটি ক্লাবে। এখানে জ্যাজমিনের সঙ্গে ছিল ঢাকার ব্যান্ড বাংলা। আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সন্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে বাউল অ্যান্ড বিয়ন্ডস কনসার্ট। এতে বাংলা, কলকাতার তালতন্ত্র ও বাউলশিল্পীদের সঙ্গে গান করবে জ্যাজমিন। এই ব্যান্ডের অন্যতম সদস্য সেথ পান্ডু ব্লুমবার্গ বললেন, ‘গান হলো অনুভবের ব্যাপার। আমরা হয়তো ভাষা বুঝি না। কিন্তু সুরের মধ্য দিয়েই গানগুলো অনুভব করার চেষ্টা করি। সেভাবেই গানগুলোর সঙ্গে বাজাই।’দলের অন্য তিন সদস্য হলেন লিও ডম্বেকি, আরমান্ড সেপেডা ও জেসে চারনৌ। এরিক ক্ল্যাপটনের রাইজিং উইথ দ্য ব্লুজ অ্যালবামে কাজ করে পান্ডু ও লিও গ্র্যামি পুরস্কার জিতেছেন। পান্ডু বললেন, ‘বাউলদের সঙ্গে কাজ করতে গিয়ে অনেক কিছু শিখেছি। তাঁরা অন্যভাবে ভাবতে শিখিয়েছেন।’