ঢাকায় তালতন্ত্র
গুলশানের এক আবাসিক ক্লাবে ঢুকতেই কানে এল সমবেত কণ্ঠে গান—‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি’। একসঙ্গে অনুশীলন করছেন কুষ্টিয়ার বাউলশিল্পী রব ফকির, কাঙ্গালিনী সুফিয়া, বাউল আলাউদ্দিন বিশ্বাস, বাউল শফি মণ্ডল, ব্যান্ডদল বাংলা ও কলকাতার তালতন্ত্র। ২১ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে এ গানের মধ্য দিয়ে শুরু হবে কনসার্ট ‘বাউল অ্যান্ড বিয়ন্ডস’। আর তারই মহড়া হচ্ছিল ওই আবাসিক ক্লাবে।এরপর তালতন্ত্রের সদস্যরা বিভিন্ন বাউল গানের ওপর মহড়া করেন।তালতন্ত্রের প্রধান বিশিষ্ট তবলিয়া তন্ময় বোস জানালেন, তাঁর পূর্বপুরুষের বাড়ি বিক্রমপুরের রাউদভোগে। এ নিয়ে ছয়বার বাংলাদেশে এসেছেন কনসার্ট করতে। সর্বশেষ এসেছিলেন হরিপ্রসাদ চৌরাশিয়ার সঙ্গে।পণ্ডিত রবিশঙ্কর ও ওস্তাদ আমজাদ আলী খানের মতো শিল্পীদের সঙ্গে নিয়মিত তবলায় সংগীত করেন তন্ময় বোস। নিজের ব্যান্ড তালতন্ত্র নিয়ে তন্ময় বললেন, ‘ব্যান্ড করেছি বাংলা লোকগানকে বিশ্বের সামনে তুলে ধরতে। বাউলেরা সারা জীবন সাধনা করে যাচ্ছেন। তাঁরা কত গুণী মানুষ, অথচ কত সাধারণ! তাঁদের হাত ধরেই আমাদের মাটির সুর আজও বেঁচে আছে। গানগুলো এ সময়ের সঙ্গে মিল রেখে করা হলে তরুণেরা অবশ্যই শুনবে। আমি এখন মুর্শিদি, মারফতি, বিচ্ছেদ ও বাংলা কাওয়ালি গান নিয়ে কাজ করছি।’এ বছরের জানুয়ারিতে কলকাতায় অনুষ্ঠিত হয় বাউল অ্যান্ড বিয়ন্ডসের প্রথম কনসার্ট। সেখান থেকে অনুপ্রাণিত হয়েই বাংলার আনুশেহ আনাদিল এবার এই আয়োজন করছেন ঢাকায়।তন্ময় বোস বললেন, ‘আনুশেহ এত অল্প সময়ে এমন একটা আয়োজন করবে, তা ভাবতেই পারিনি। এভাবেই আমাদের শিকড়ের গানগুলো বেঁচে থাকবে।’বাউল অ্যান্ড বিয়ন্ডস কনসার্টে একসঙ্গে মঞ্চে উঠবে বাউল এবং বাংলা, তালতন্ত্র ও যুক্তরাষ্ট্রের জ্যাজ গানের দল জ্যাজমিন। ফিউশন ধাঁচের এই অনুষ্ঠানে ব্যান্ডগুলোর সংগীতায়োজনে বাউলেরা তাঁদের গানগুলো করবেন।