ঢাকায় তৈরি হচ্ছে মুম্বাইয়ের ‘ডন’
ভারতের মুম্বাইয়ে দুবার তৈরি হয়েছে বড় বাজেটের ছবি ডন। একবার অমিতাভ বচ্চন অন্যবার শাহরুখ খান ডন চরিত্রে অভিনয় করেছেন। ওই ছবির কপিরাইট এনেছেন প্রযোজনা প্রতিষ্ঠান টিওটি ফিল্মসের কর্ণধার খোরশেদ আলম। ছবিটি পরিচালনা করছেন মোহাম্মদ হোসেন জেমী। ডন চরিত্রে অভিনয় করবেন শাকিব খান। ছবিতে তাঁর বিপরীতে থাকছেন অপু ও সুপার হিরোইন প্রতিযোগিতায় বিজয়ী মিমো।এই তিন শিল্পীকে নিয়েই জেমী নির্মাণ করবেন কিং খান নামের আরও একটি চলচ্চিত্র।জানা গেছে, ডন ও কিং খান ছবি দুটির মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হচ্ছে মিমোর। দুটি ছবির শুটিং হবে মরিশাস ও মালয়েশিয়ায়। মিমো জানান, ডন ছবিতে মন্দ ডনের নায়িকার চরিত্রে কাজ করবেন তিনি। ত্রিভুজ প্রেমের ছবি কিং খান। এখানেও কাজ করবেন তিনি। ১ এপ্রিল থেকে মরিশাসে ডন ছবির শুটিং শুরু হবে। এরপর সেখানেই শুরু হবে কিং খান ছবির কাজ। মরিশাস থেকে শুটিং ইউনিট যাবে মালয়েশিয়ায়। মিমো বলেন, ‘দুটি বড় ছবি দিয়ে চলচ্চিত্রে কাজ শুরু করছি, তাই বেশি ভালো লাগছে।’