ঢাকায় দুই দিনের আন্তর্জাতিক নজরুল সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিদ্রোহী’ কবিতা রচনার ৯০ বছর পূর্তি উপলক্ষে দুই দিনের আন্তর্জাতিক নজরুল সম্মেলনের আয়োজন করেছে নজরুল ইনস্টিটিউট। আজ সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানটি সরাসরি দেখাবে বাংলাদেশ টেলিভিশন। মূল অনুষ্ঠানমালা শুরু হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় বিকেল পাঁচটায়। নজরুল ইনস্টিটিউটের উপপরিচালক রেজাউদ্দিন স্টালিন জানান, সম্মেলন উপলক্ষে বিভিন্ন দেশের নজরুল-গবেষকদের আমন্ত্রণ জানানো হয়েছে। এরই মধ্যে আমন্ত্রণ গ্রহণ করেছেন যুক্তরাষ্ট্রের উইনস্টন ই ল্যাংলি ও রাসেল ফেল ম্যাকডারমেট, নেদারল্যান্ডের পিটার কাস্টার্স, চীনের মিজ ইয়াং ওয়েই মিং ও ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য পবিত্র সরকার। নজরুলের ওপর বিশেষ বক্তৃতায় অংশ নেবেন তাঁরা। অনুষ্ঠানে গান করার জন্য ভারতের পশ্চিমবঙ্গ থেকে আসছেন সুস্মিতা গোস্বামী, কৃষ্ণা মজুমদার ও রামানুজ দাশগুপ্ত। থাকবে বাংলাদেশের গবেষকদের আলোচনা, জনপ্রিয় ১৪ জন শিল্পীর একক পরিবেশনা ও নজরুল ইনস্টিটিউটের শিল্পীদের গান। আরও থাকবে নাচ ও আবৃত্তি।এবার ‘নজরুল পুরস্কার’ দেওয়া হবে গবেষণা ও অনুবাদের জন্য অধ্যাপক কবীর চৌধুরীকে এবং গান ও স্বরলিপির জন্য নীলিমা দাশকে। আন্তর্জাতিক নজরুল সম্মেলন উপলক্ষে আয়োজন করা হয়েছে নজরুলের ছবি ও নজরুলবিষয়ক বইয়ের প্রদর্শনী। জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী মিলনায়তনে ২৬ জুন পর্যন্ত প্রতিদিন এই প্রদর্শনী খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা।জানা গেছে, আন্তর্জাতিক নজরুল সম্মেলন উপলক্ষে তৈরি করা হয়েছে নজরুলের ছবি, তাঁর লেখা চিঠি ও নজরুলের স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থানের ২০০টি ছবি নিয়ে নজরুল অ্যালবাম এবং নজরুলের সুর দেওয়া ১৩২টি গান নিয়ে ১১টি অডিও অ্যালবাম। এখানে কণ্ঠ দিয়েছেন ১৩২ জন শিল্পী।