ঢাকায় দুটি নতুন হল

নতুন প্রযুক্তি ও উন্নত আসনব্যবস্থা নিয়ে রাজধানীতে চালু হলো দুটি নতুন প্রেক্ষাগৃহ। এ ছাড়া আরও তিনটি নতুন হল নির্মাণের কাজ শুরু হচ্ছে শিগগিরই।
বসুন্ধরা সিটি শপিং মলের লেভেল ৮-এ অবস্থিত মাল্টিপ্লেক্স ‘স্টার সিনেপ্লেক্স’-এ পুরোনো হলগুলোর পাশেই সংযুক্ত হলো দুটি নতুন হল। গত মঙ্গলবার সন্ধ্যায় এ দুটি প্রেক্ষাগৃহের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। সে সময় আরও জানা যায়, কিছুদিনের মধ্যেই রাজধানীর সীমান্ত স্কয়ারে তিনটি নতুন হল নির্মাণের কাজ শুরু করবে স্টার সিনেপ্লেক্স।
‘স্টার ভিআইপি’ ও ‘স্টার প্রিমিয়াম’ নামের এ দুটি হলের একটিতে থাকছে উন্নত ও আরামদায়ক আসনব্যবস্থা, অন্যটিতে যুক্ত করা হয়েছে ডলবি অ্যাটমস সাউন্ড সিস্টেম। মঙ্গলবার সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি ছিলেন গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী-কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। উদ্বোধনী অনুষ্ঠানে স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান নতুন প্রেক্ষাগৃহ দুটির বিশেষত্বের বিষয়ে অতিথিদের জানান। আনুষ্ঠানিকতা শেষে তিনি আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকদের নতুন হল দুটি ঘুরিয়ে দেখান। এরপর ডলবি অ্যাটমস সাউন্ড সিস্টেম সংযুক্ত প্রেক্ষাগৃহে মিশন ইম্পসিবল: রৌগ নেশন ছবির বিশেষ প্রদর্শনী হয়।
স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান জানান, উদ্বোধন করা ‘স্টার প্রিমিয়াম’-এর টিকিটের দাম হবে ৪০০ থেকে ৫০০ টাকা। আর ‘স্টার ভিআইপি’ টিকিটের দাম ৭০০ থেকে ৮০০ টাকা হবে।