ঢাকায় দেওয়া হলো ভরতনাট্যম ডিগ্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভরতনাট্যম পরিবেশন করছেন কল্পতরুর শিল্পীরা
ভরতনাট্যম পরিবেশন করছেন কল্পতরুর শিল্পীরা

শাস্ত্রীয় নৃত্য ভরতনাট্যমে ডিগ্রি দেওয়া হলো ঢাকার সাত শিক্ষার্থী নৃত্যশিল্পীকে। টানা নয় বছর ভরতনাট্যম শেখা, চর্চা এবং নিয়মিত লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার পর এই শিল্পীদের ডিপ্লোমা সনদ দেওয়া হলো।

গতকাল শনিবার সন্ধ্যায় বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে ছিল সনদ প্রদানের আয়োজন। বাংলাদেশের নৃত্য প্রশিক্ষণকেন্দ্র কল্পতরু ও ভারতের ওয়েস্ট বেঙ্গল ড্যান্স গ্রুপ ফেডারেশন যৌথভাবে ভরতনাট‍্যম শিল্পীদের হাতে সনদ তুলে দেয়। এ সময় উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল ড্যান্স গ্রুপ ফেডারেশনের পরিচালক আদিত‍্য মিত্র, কলকাতার বিশিষ্ট নৃত‍্যশিল্পী অনিতা মল্লিক, নৃত‍্যগুরু রাজদীপ ব‍্যানার্জি, বাংলাদেশের রবীন্দ্রগবেষক শীলা মল্লিক, কল্পতরুর অধ্যক্ষ লুবনা মারিয়াম, খ্যাতিমান তবলাশিল্পী তন্ময় বোস প্রমুখ।

কত্থক পরিবেশন করছেন সাধনার শিল্পীরা
কত্থক পরিবেশন করছেন সাধনার শিল্পীরা

সনদ প্রদানের পর ছিল নৃত্য পরিবেশনা। অমিত চৌধুরীর নির্দেশনায় কল্পতরুর সনদ পাওয়া শিক্ষার্থীরা পরিবেশন করেন ভরতনাট্যম। পাশাপাশি নৃত্যসংগঠন সাধনার শিল্পীরা পরিবেশন করেন মণিপুরি এবং কত্থক নৃত্য। কত্থকের সঙ্গে পুং বাজিয়েছেন ব্রজেন সিনহা।

সনদ পাওয়া শিল্পীদের শুভেচ্ছা জানিয়ে আদিত‍্য মিত্র বলেন, ‘একদিকে কল্পতরু খুব গুছিয়ে এ কোর্সটি পরিচালনা করেছে, অন‍্যদিকে শিক্ষার্থীরা করেছে কঠোর পরিশ্রম। এর সুফল নিশ্চয়ই তারা লাভ করবে।’

কল্পতরু ভরতনাট্যমের ডিপ্লোমা কোর্সটি শুরু করে ২০০৮ সালে। তখন থেকেই প্রশিক্ষণকেন্দ্রের প্রথম ব্যাচের শিক্ষার্থীরা নৃত্য ঘরানাটিতে দক্ষতা অর্জনের পর দেশ-বিদেশের বিভিন্ন মঞ্চে ভরতনাট্যম পরিবেশন করেন। চলতি বছর ভারতের মধ্যপ্রদেশের খাজুরাহো আন্তর্জাতিক নৃত্য উৎসবের মঞ্চে ভরতনাট্যম পরিবেশন করে রীতিমতো তাক লাগিয়ে দেন নৃত্য সমালোচকদের। প্রথম ব্যাচের এই শিক্ষার্থীদের ব্যাপারে প্রশিক্ষণকেন্দ্রের অধ্যক্ষ লুবনা মারিয়াম বলেন, ‘গত নয়টি বছর অমানবিক পরিশ্রম করেছে এই মেয়েরা। শুধু তা-ই নয়, ভারতসহ বিভিন্ন দেশের নৃত্যপ্রেমীরা তাদের পরিবেশনায় মুগ্ধ হয়েছে।’

ভরতনাট্যমে ডিগ্রিধারী সাত শিক্ষার্থী হলেন জুয়েইরিয়াহ মৌলি, সুদ্ধা শ্রীময়ী দাস, পারিসা ওমর, আভিয়া খান, আনিস্তা খান, শাম্মী আক্তার ও তাহসিন সাবা।

সনদ হাতে অতিথি ও গুরুদের সঙ্গে নৃত্যশিল্পীরা
সনদ হাতে অতিথি ও গুরুদের সঙ্গে নৃত্যশিল্পীরা