ঢাকায় নাট্যজনের নাট্যোৎসব
বছরের শুরুতেই ঢাকায় দেশ ও দেশের বাইরের দল নিয়ে নাট্যোৎসবের আসর বসতে যাচ্ছে। নাট্যজনের আয়োজনে জাতীয় নাট্যশালার দুটি হলে চলবে উৎসবটি। সাত দিনের এই উৎসব ১৪ জানুয়ারি থেকে শুরু হবে, চলবে ২১ জানুয়ারি পর্যন্ত। মাঝখানে ১৭ জানুয়ারি একদিনের বিরতি। ‘বহে নিরন্তর অন্তত আনন্দধারা’ স্লোগান নিয়ে ওই দিন মূল হলে উৎসবটির উদ্বোধন করবেন বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইটিআই বিশ্ব সভাপতি রামেন্দু মজুমদার ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী লাকী। উদ্বোধনের পরই গান পরিবেশন করবেন কলকাতার অভিজিৎ বসু ও নাট্যজনের চিত্রলেখা গুহ। শেষে মামুনুর রশীদের একক অভিনীত বাঙলা থিয়েটারের দি ডিসটেন্ট নেয়ার মঞ্চস্থ হবে। একই হলে ১৫ জানুয়ারি দেখা যাবে কলকাতার লোককৃষ্টি দলের তিন নম্বর চোখ নাটকটি। পরের দিন একই হলে লোককৃষ্টির আরেকটি নাটক ইহাই সত্য মঞ্চস্থ হবে। ১৮ জানুয়ারি থিয়েটারের বারামখানা মঞ্চস্থ হবে মূল হলে, একই সময়ে পরীক্ষণ থিয়েটার হলে দেখা যাবে প্রাচ্যনাটের রাজা এবং অন্যান্য নাটক। সময়ের শেষ সংলাপ মঞ্চস্থ হবে পরীক্ষণ থিয়েটার হলে ১৯ জানুয়ারি। ২০ জানুয়ারি মূল হলে প্রাঙ্গণেমোরের শেষের কবিতা আর পরীক্ষণ থিয়েটার হলে লোকনাট্যদল সিদ্ধেশ্বরী পরিবেশন করবে লীলাবতী আখ্যান নাটকটি। উৎসবের শেষ দিন ২১ জানুয়ারি মূল হলে নাট্যজনের নিজস্ব প্রযোজনা ভুবনের ঘাট মঞ্চস্থ হবে। প্রায় সাত বছর পর নাট্যজনের আয়োজনে এ ধরনের একটা উৎসব হতে যাচ্ছে। উৎসব কমিটির আহ্বায়ক তবিবুল ইসলাম বাবু বলেন, ‘এর আগে আমরা ২০০৫ সালে শেষ উৎসব করেছি। একটা উৎসব করতে গেলে অনেক খরচেরও ব্যাপার থাকে। এ ছাড়া নিজেদের দলের কার্যালয়েরও সমস্যা ছিল। ফলে সব দিক থেকে আমরা গুছিয়ে উঠতে পারিনি। এ জন্য আমরা এ সময়ে সাংগঠনিকভাবে সব দিক গুছিয়ে নিয়ে উৎসব আয়োজন করতে পারিনি। এবার মোটামুটি নিজেদের গুছিয়ে এনেছি। এই উৎসবে প্রায় ছয় লাখ টাকা খরচ হচ্ছে।’