ঢাকায় পৌঁছেছেন ওস্তাদ জাকির হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপমহাদেশের প্রখ্যাত তবলাবাদক ভারতের ওস্তাদ জাকির হোসেন আজ সকাল আটটা ১০ মিনিটে জেট এয়ারওয়েজের একটি বিমানে করে ঢাকায় পৌঁছেছেন। তাঁর সঙ্গে আছেন প্রখ্যাত সারেঙ্গিশিল্পী ওস্তাদ সাবির খান। তিনি ওস্তাদ সুলতান খানের ছেলে। ওস্তাদ জাকির হোসেনের সঙ্গে অনুষ্ঠানে সারেঙ্গি বাজাবেন তিনি। ঢাকায় তাঁরা হোটেল র্যাডিসনে উঠেছেন। ওস্তাদ জাকির হোসেনের বাবা কিংবদন্তিতুল্য তবলাবাদক ওস্তাদ আল্লা রাখা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালে নিউইয়র্কে পণ্ডিত রবিশংকর ও জর্জ হ্যারিসন আয়োজিত কনসার্ট ফর বাংলাদেশে অংশ নিয়েছিলেন। স্বাধীনতার চার দশক পূর্তি উপলক্ষে প্রথম আলো ও ট্রান্সকম গ্রুপ প্রয়াত ওস্তাদ আল্লা রাখাকে সম্মাননা জানাচ্ছে। এতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে ওস্তাদ জাকির হোসেনের হাতে। বিমানবন্দরে তিনি জানান, এমন সম্মাননায় তিনি গর্ব অনুভব করছেন।আজ বুধবার সন্ধ্যায় ওস্তাদ জাকির হোসেন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তবলা বাদন শোনাবেন শ্রোতাদের। প্রথম আলো ও ট্রান্সকম গ্রুপ এই অনুষ্ঠানের আয়োজন করেছে। আর অনুষ্ঠানটি আয়োজনে সার্বিক সহযোগিতা করছে ফায়ার ওয়ার্কস। অনুষ্ঠানটি শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য।