ঢাকায় প্রতুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দুইজনায় বাঙালি ছিলাম/ দেখো দেখি কাণ্ডখান/ তুমি এখন বাংলাদেশি/ আমারে কও ইন্ডিয়ান’—প্রতুল মুখোপাধ্যায়ের নতুন গান। বাংলাদেশে আসা নিশ্চিত হওয়ার পর গত ২৫ জানুয়ারি এই গানটি রচনা করেন তিনি। ‘আমি বাংলায় গান গাই’ গানের শিল্পী প্রতুল ঢাকায় এসেছেন গতকাল শুক্রবার দুপুরে। আজ ‘সত্যেন সেন গণসংগীত উৎসব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতা’র প্রধান অতিথি তিনি। এই উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। একটু বিশ্রাম নেওয়ার পর মগবাজারে এক বাসায় বিকেলে তাঁর সঙ্গে এক ঘরোয়া আড্ডার আয়োজন করা হয়। বাংলাদেশে প্রতুল প্রথম এসেছিলেন ১৯৪২ সালে, বাবার সঙ্গে। এরপর গতকাল। বাংলাদেশকে তিনি মনে করেন পিতৃভূমি। তাঁর দাদার বাড়ি ছিল বরিশালে। এবার আসার অনুভূতি জানালেন এভাবে, ‘এরোপ্লেন থেকে যখন বাংলাদেশে ভূমি প্রথম দেখতে পেলাম, মনে হলো কী আর নতুন দেশে এলাম। এ যে আমার নিজের ঘরেই যাচ্ছি। একটি স্মরণীয় দিনে আসতে পেরে বেশি ভালো লাগছে।’এর আগে আরও একবার প্রতুল মুখোপাধ্যায়কে বাংলাদেশে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তখন শেষ পর্যন্ত নানা কারণে আর তিনি আসতে পারেননি। বললেন, ‘কিছুটা অভিমানও ছিল। সেটা বলব না। যখন জানতে পারলাম, নতুন প্রজন্মের অনেক শ্রোতা আমার গান শোনার জন্য অপেক্ষা করছে, তখন সব অভিমান ভুলে গেছি।’‘আমি বাংলায় গান গাই’ গানটি প্রসঙ্গে তিনি বললেন, ‘বাংলা ১৪০০ সালের পয়লা বৈশাখে সকাল ১০টা থেকে ১১টার মধ্যে গানটি লিখেছিলাম। সুরটাও একই সঙ্গে করেছিলাম। বিকেলে কফি হাউসে বর্ষবরণ অনুষ্ঠানে গাওয়ার কথা ছিল। কিন্তু কী ভেবে আর গাইনি। এরপর আমার খুব কাছের কয়েকজনকে গানটা শোনালাম। সবাই উচ্ছসিত প্রশংসা করলেন। দূরদর্শন টিভিতে গানটি প্রথম গেয়েছিলাম ১৪০১ সালের চৈত্র সংক্রান্তির অনুষ্ঠানে। ততদিনে গানটি ক্যাসেটে বাজারে চলে এসেছে।’জানা গেছে, ২৮ মার্চ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উন্মুক্ত প্রাঙ্গণে গান করবেন প্রতুল। ওই দিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্র ইউনিয়নের সঙ্গে এক সংগীত আড্ডায় গান করবেন তিনি। পরদিন জাতীয় জাদুঘরে তাঁর একক সংগীতানুষ্ঠান হবে। এ ছাড়া নারায়ণগঞ্জ, ১ এপ্রিল ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে এবং পরদিন যশোরে গান করবেন তিনি। দেশ টিভিতে প্রচারিত হবে তাঁর সরাসরি গানের অনুষ্ঠান।