ঢাকায় ফেলুদা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ফেলুদা’ চরিত্রে অভিনয় করেছন পরমব্রত
‘ফেলুদা’ চরিত্রে অভিনয় করেছন পরমব্রত

বাংলাদেশে ফেলুদা নতুন করে নির্মিত হচ্ছে—এখানকার ফেলুদা-ভক্তদের জন্য এ এক দারুণ সুখবর। প্রদোষ রঞ্জন মিত্র ওরফে ফেলুদা ভারতীয় চরিত্র। তবে সত্যজিৎ রায়ের গল্প পড়ে ও সিনেমা দেখে ফেলুদার ভক্ত হয়েছে বাংলাদেশের কয়েকটি প্রজন্ম। আবার নব্বইয়ের দশকে সত্যজিৎ-পুত্র সন্দীপের ফেলুদা দেখেও আরেক প্রজন্ম ফেলুদার ভক্ত বনেছে। তাদের কাছে সৌমিত্র চট্টোপাধ্যায় নয়, বরং সব্যসাচী চক্রবর্তীই আসল ফেলুদা।
তো সেই প্রজন্মের অংশ হয়ে নতুন ফেলুদার প্রতি আগ্রহ জন্মে দুটি কারণে। এক. ফেলুদা চরিত্রে পরমব্রতের (চট্টোপাধ্যায়) অভিনয়। দুই. রায় পরিবারের বাইরের কেউ হয়ে পরমব্রতের পরিচালনা। স্বাভাবিকভাবেই অভিনেতা ও পরিচালক পরমব্রত কাঠগড়ায়।
মূল কথায় যাওয়ার আগে একটু শিবের গীত গাই। চ্যানেল আইয়ের টিভি পর্দায় ফেলুদা দেখা সম্ভব হয়নি। দেখতে হয়েছে গ্রামীণফোনের বায়োস্কোপ অনলাইন চ্যানেলে। যেকোনো গোয়েন্দা গল্পের মজা ঠিকঠাক পেতে হলে সেটা এক বসাতেই পড়ে বা দেখে ফেলা চাই। অপরাধ, রহস্য, সাসপেন্স, সমাধান—এই মৌলিক কাঠামো নিয়ে একটি গোয়েন্দা গল্প শুরু থেকে পরিণতির দিকে এগিয়ে যায়। সেখানে সামান্যতম বিরতিও একটা বাধা। শুনেছি, টেলিভিশনে ফেলুদার প্রথম গল্প ‘শেয়াল-দেবতা রহস্য’ দেখানোর সময় বিজ্ঞাপন বিরতির উৎপাত খুব বেশি ছিল না, তবে মাঝে একবার খবর প্রচারিত হয়েছিল। অস্বস্তিকর ব্যাপারটা ঘটছে অনলাইন চ্যানেলে। তারা ‘শেয়াল-দেবতা রহস্য’ প্রচার করছে চার দিন চারটি পর্বে ভাগ করে। এই জায়গাটা নিয়ে কর্তৃপক্ষ ভাবতে পারে।
এবার মূল আলোচনা। সব গোয়েন্দা চরিত্রেরই কিছু বৈশিষ্ট্য থাকে। গল্পের ফেলুদার বয়স সাতাশের কাছাকাছি, লম্বায় ছয় ফুট। ফেলুদা পরমের উচ্চতা সম্ভবত অত নয়, বয়স তো নয়ই। তার দরকারও খুব একটা নেই। ফেলুদা পরমও গল্পের মতোই জ্ঞানী, নানা বিষয়ে খোঁজখবর রাখে। তবে ঢাকায় শিঙাড়াকে সমুচা বলে—এই তথ্য ফেলুদা পেল কোথায়?
এই ফেলুদা এখনকার বলে আধুনিক সব প্রযুক্তির সাহায্য নিতে পারে। তাই বলে সিধু জ্যাঠার দিন ফুরিয়েছে, এমনটাও নয়। শেয়াল-দেবতা রহস্যেও সিধু জ্যাঠার সাহায্য তাকে নিতে হয়। এই গল্পেও জটায়ুর আবির্ভাব ঘটেনি। গল্পটি সত্যজিতের লেখা প্রথম ফেলুদা-গল্প নয়। এর আগে আরও দুটি গল্প ও একটি উপন্যাস লিখেছিলেন তিনি।
নতুন ফেলুদাও বুদ্ধির গোড়ায় শান দিতে চারমিনার সিগারেট খায়। পছন্দ করে খেতে। কিন্তু সে যেন বড্ড বেশি আধুনিক শার্লক হোমস প্রভাবিত। আর্থার কোনান ডয়েলের উপন্যাসের শার্লক ব্যবচ্ছেদ-বিজ্ঞান দিয়ে মানুষ পর্যবেক্ষণ করে। বিবিসি প্রযোজিত শার্লক-এ সেই ব্যবচ্ছেদ-বিজ্ঞানকে আধুনিকরূপে দেখা যায়। শার্লকের পর্যবেক্ষণ সঙ্গে সঙ্গে পর্দায় লেখা আকারে ফুটে ওঠে। নতুন ফেলুদাতেও এই একই জিনিস দেখা যায়। গল্পেও অনেক জায়গায় পরিবর্তন আছে, তবে কাঠামো ঠিক আছে। ঠিক বিবিসির শার্লকের মতোই।
যেহেতু বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান ফেলুদা বানাচ্ছে, স্বাভাবিকভাবেই প্রত্যাশা, মূল দুটো চরিত্রের একটি অন্তত এ দেশের হবে। তোপসে চরিত্রটিতে ঋদ্ধি সেন ভালো অভিনয় করছেন, কিন্তু চরিত্রটি বাংলাদেশি কোনো অভিনেতাও করতে পারতেন। এই ফেলুদা ও তোপসে গল্পের মতোই কলকাতার (আদিতে ঢাকার বাসিন্দা, দেশভাগের সময় ভারতে গেছে)। একটি রহস্যের কিনারা করতে তারা ঢাকায় আসে। মূল দুই চরিত্রাভিনেতা ও পরিচালক কলকাতার, ভিলেন নীলমণি সান্যালও সেখানকার অভিনেতা—তাহলে এটা বাংলাদেশের ফেলুদা হলো কীভাবে?
নতুন ফেলুদায় ঢাকাকে যেভাবে দেখানো হয়েছে, সেটা বেশ ভালো। ঢাকার নামের ইতিহাস, বিভিন্ন জায়গা, শাহবাগ আন্দোলন, খাবার, বঙ্গবন্ধুর লেখা কারাগারের রোজনামচা—নানা অনুষঙ্গ এতে যুক্ত করেছেন পরিচালক। সামনের গল্পগুলোতে ঢাকাকে আরও অন্যরকমভাবে হয়তো দেখা যাবে।
বাংলাদেশি বেশির ভাগ চরিত্রাভিনেতার অভিনয় বেশ হতাশাজনক। ডলি জহুর ও তারিক আনাম খানের অভিনয় ভালো, তবে সংলাপে বেশ দুর্বলতা রয়ে গেছে। তাতে তাঁদের ব্যক্তিগত দায় কম, যতটা চিত্রনাট্যের। কলকাতার ছবিগুলোতে বাংলাদেশের বাঙালিদের চরিত্রগুলো যে ভাষায় কথা বলে, এই ফেলুদাতেও একই ভাষায় অনেক বাংলাদেশি কথা বলেছে। ভানু বন্দ্যোপাধ্যায় প্রণীত এই ভাষা বাংলাদেশের ঠিক কোথায় ব্যবহৃত হয়, জানতে ইচ্ছে করে।