ঢাকায় বর্ণাঢ্য যাত্রাগান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণাঢ্য যাত্রাগানে মুখর ঢাকার শিল্পকলা। প্রতিদিন রাতের রঙ্গমঞ্চ সরগরম হচ্ছে অভিনয়, নৃত্যগীত ও কৌতুক রসে। রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র সেগুনবাগিচার শিল্পকলা একাডেমীতে মাসব্যাপী যাত্রা প্রদর্শনী চলছে বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের উদ্যোগে। ৩ মে নাট্যজন রামেন্দু মজুমদার এ উৎসব উদ্বোধন করার পর যশোরের আনন্দ অপেরার কোহিনুর পালা পরিবেশন শুরু হয়। দলটি প্যান্ডেলে থাকতেই আজাদ অপেরা নামে একটি গীতিনাট্যগোছের দল আনা হয় কম পারিশ্রমিকে। এখন সংগীতা অপেরা নামে আরও একটি মূলধারার দল প্যান্ডেলে রয়েছে। প্রতি রাতে দুটি দলের একটি করে পালা মঞ্চায়ন হচ্ছে এখানে। দর্শকেরাও বাদ্য, গীত, নৃত্য ও মনকাড়া অভিনয় দেখে মুগ্ধ হচ্ছেন। গতবার এই সংগঠনের উদ্যোগে এক মাসের যাত্রাগানের আয়োজন ছিল শিল্পকলায়। নগরজীবনে যাত্রাগান তখন ব্যাপক সাড়া ফেলে। এরই ধারাবাহিকতায় এ বছরও মাসব্যাপী এই আয়োজন। এর পাশাপাশি শিল্পকলা একাডেমীও সপ্তাহব্যাপী যাত্রা উৎসব ২০১০-এর আয়োজন করে। নাট্যকলা ও চলচ্চিত্রবিষয়ক বিভাগের ব্যবস্থাপনায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে ৬ মে থেকে শুরু হয় পালা মঞ্চায়ন। গতকাল বুধবার উৎসব শেষ হয়েছে চারণীকা যাত্রা সমাজের মহীয়সী কৈকেয়ী পালা মঞ্চায়নের মধ্যদিয়ে। সন্ধ্যায় পালা মঞ্চায়ন উদ্বোধন করেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। মন্ত্রী তাঁর বক্তব্যে যাত্রার নীতিমালা বাস্তবায়নসহ এ শিল্পে সহযোগিতা দেবেন বলে আশ্বাস দেন। এরপর মাওয়ার চৈতালী অপেরা যাত্রাপালা মঞ্চায়ন করে। সাত দিনের যাত্রা উৎসবে মঞ্চায়িত অন্য দল ও পালাগুলো হচ্ছে অগ্রগামী যাত্রা ইউনিটের স্বামী-স্ত্রী, আনন্দ অপেরার কোহিনুর, নিউ রংমহল অপেরার মানবী দেবী, সংগীতা অপেরার জানিম সিংহের মাঠ, দেশ অপেরার যাত্রাপালার বিবেকের গান, ভিকটর দানিয়েলের একক অভিনয় এবং চারণীকা যাত্রাসমাজের মহীয়সী কৈকেয়ী। এ ছাড়া অমলেন্দু বিশ্বাস স্মারক বক্তৃতার ব্যবস্থা করা হয়। সরেজমিনে দেখা গেছে, দুটি উৎসবেই ব্যাপক দর্শক সমাগম হচ্ছে।