ঢাকায় ভারতীয় সাংস্কৃতিক উৎসব
আজ শুক্রবার ঢাকায় শুরু হচ্ছে ভারতীয় সাংস্কৃতিক উৎসব। ‘আনন্দ যজ্ঞ—ভারতীয় সাংস্কৃতিক উৎসব’ শিরোনামের পাঁচ দিনের এ উৎসব যৌথভাবে আয়োজন করেছে ভারতীয় দূতাবাস, ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী। উৎসবে থাকছে সংগীত, নৃত্য, নাটক, চিত্র প্রদর্শনী ও কারুশিল্পের প্রদর্শনী। উৎসবে ভারতের প্রখ্যাত শিল্পী ওস্তাদ রশিদ খান, পণ্ডিত কুমার বোস, পণ্ডিত দেবজ্যোতি বোস, মনোজ মিত্র, রিতা গাঙ্গুলি, রাজেন্দ্র গাঙ্গানিসহ আরও অনেকে অংশ নেবেন।উৎসব বাংলাদেশ শিল্পকলা একাডেমী, বাংলাদেশ জাতীয় জাদুঘর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। আজ সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় উৎসব উদ্বোধন করা হবে।২৭ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায় ভারতের চার নারী চিত্রশিল্পীর আঁকা চিত্রকর্ম নিয়ে অনুষ্ঠিত হবে প্রদর্শনী ‘হারমনি অ্যান্ড রিদম’। পরদিন একই স্থানে শুরু হবে কারুশিল্প প্রদর্শনী।৩০ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় জাতীয় নাট্যশালায় উৎসবের সমাপনী অনুষ্ঠানে ওস্তাদ রশিদ খান উচ্চাঙ্গসংগীত ও রাজেন্দ্র গাঙ্গানি কত্থকনৃত্য পরিবেশন করবেন।উৎসবের অংশ হিসেবে ২৮ ও ২৯ নভেম্বর চট্টগ্রামের মুসলিম হলে উত্তম কুমার অভিনীত চলচ্চিত্র নিয়ে অনুষ্ঠিত হবে ‘রেট্রোস্পেকটিভ অব উত্তম কুমার ফিল্মস’। এখানে নায়ক, সপ্তপদী, জয়জয়ন্তী, হারানো সুর, ছদ্মবেশী ও পথে হলো দেরি চলচ্চিত্রগুলো দেখানো হবে।চট্টগ্রামের মুসলিম হলে আগামী ১ ডিসেম্বর সন্ধ্যা সাতটায় মনোজ মিত্রের নেতৃত্বে কলকাতার সুন্দরম নাট্যদলের নাটক মঞ্চস্থ হবে। একই স্থানে ২ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় যন্ত্রসংগীত পরিবেশন করবেন পণ্ডিত কুমার বোস ও পণ্ডিত দেবজ্যোতি বোস।১ ডিসেম্বর উচ্চাঙ্গসংগীতশিল্পী রিতা গাঙ্গুলির পরিবেশনার মধ্য দিয়ে রাজশাহীতে রাজশাহী চিকিৎসা মহাবিদ্যালয়ে উৎসবের সূচনা হবে।