ঢাকায় ভূপেন হাজারিকা উত্সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পী ভূপেন হাজারিকাকে নিয়ে ঢাকায় উৎসব শুরু হয়েছে। তাতে যোগ দিতে শিল্পীর মাতৃভূমি আসাম থেকে এসেছে ৩৫ জনের একটি দল। জীবনমুখী বাংলা গানের অমর শিল্পী ভূপেন হাজারিকার আজ ৯০তম জন্মদিন। এ উপলক্ষে শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে দুই দিনের ভূপেন হাজারিকাজয়ন্তী।
গতকাল বুধবার সন্ধ্যায় উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনের এ আয়োজনে শিল্পীকে নিয়ে আলোচনা করেন আসামের গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অমর জ্যোতি চৌধুরী। শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ফ্রেন্ডস অব বাংলাদেশের সমন্বয়ক এ এস এম সামছুল আরেফিন, ভূপেন হাজারিকা কালচারাল ট্রাস্টের উপদেষ্টা অনুরাধা শর্মা প্রমুখ।
সংস্কৃতিমন্ত্রী বলেন, ভূপেন হাজারিকা সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানুষকে সংঘবদ্ধ করতে গান গেয়েছেন। সন্ত্রাস মোকাবিলায় তাঁর গান অত্যন্ত জরুরি। যুব সম্প্রদায়ের কাছে তাঁর গানকে পৌঁছে দিতে হবে।
অনুষ্ঠানের শুরুতেই ভূপেনের গাওয়া বাংলাদেশের মুক্তিযুদ্ধের দুটি গানের সঙ্গে নাচ করে নাচের দল ‘স্পন্দন’। ভূপেনের গান গেয়ে শোনান বুলবুল ইসলাম, খায়রুল আনাম শাকিল, দিলবাহার ও ভারতের রূপম ভূঁইয়া। নাচ পরিবেশন করে আসামের নাচের দল ‘সুরসঙ্গম’। মিলনায়তনের বাইরে ছিল ভূপেনের বিভিন্ন সময়ের আলোকচিত্র নিয়ে প্রদর্শনী। এ ছাড়া শিল্পীর ভাইয়ের স্ত্রী মনীষা হাজারিকার তত্ত্বাবধানে ছিল ভূপেনের গান নিয়ে দুই দিনের কর্মশালা।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় একই মিলনায়তনে থাকবে আলোচনা ও ভারতের লোকগানের দল দোহার-এর গান। এ ছাড়া গান করবেন ভূপেনের গানের কর্মশালায় অংশ নেওয়া প্রশিক্ষণার্থীরা। শিল্পকলা একাডেমির সঙ্গে যৌথভাবে এ উৎসবের আয়োজন করেছে ঢাকার ফ্রেন্ডস অব বাংলাদেশ ও আসামের ভূপেন হাজারিকা কালচারাল ট্রাস্ট।