ঢাকায় মিস ইন্ডিয়া উষসী
ঢাকায় আসছেন মিস ইন্ডিয়া উষসী সেনগুপ্ত। ঢাকা ফ্যাশন সপ্তাহ উপলক্ষে ১৮ জুন সকালে ঢাকায় পৌঁছবেন তিনি। অনুষ্ঠানে উষসীর অংশগ্রহণের ব্যাপারটি নিশ্চিত করেছেন আয়োজক কর্তৃপক্ষ। আয়োজক সূত্রে জানা গেছে, ঢাকা ফ্যাশন সপ্তাহের শেষ দিন ১৮ জুন হোটেল ওয়েস্টিনের বলরুমে অনুষ্ঠিত র্যাম্পে উষসীও থাকবেন। একই ভেন্যুতে অনুষ্ঠিত ঢাকা ফ্যাশন সপ্তাহের গ্র্যান্ড ফিনালেতে তিনি নিউ জড়োয়া হাউসের পোশাক পরে র্যাম্পে অংশ নেবেন। গতকাল বুধবার থেকে ঢাকার দ্য ওয়েস্টিন হোটেলে ঢাকা ফ্যাশন সপ্তাহের এবারের আসর বসেছে।কলকাতার মেয়ে উষসীর পূর্ব পুরুষদের বসবাস ছিল আজকের বাংলাদেশে। এখন তিনি মুম্বাইয়ে বাস করেন। বাংলাদেশে আসতে পেরে তিনি দারুণ উচ্ছ্বসিত বলে সূত্র জানিয়েছেন। উল্লেখ্য, উষসী সেনগুপ্ত গত বছরের ২৩ আগস্ট আমেরিকার লাস ভেগাসে অনুষ্ঠিত মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় জয়ী হন। কলকাতার মেয়ে উষসী সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মানবিক বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। মিস ইন্ডিয়া হওয়ার আগে থেকেই তিনি বিভিন্ন অনুষ্ঠানে র্যাম্প মডেলিংয়ে অংশ নিয়েছেন।