ঢাকায় রাহুল বোস
গতকাল রোববার সকালে এসে দুপুরেই চলে যাওয়া। এর ফাঁকে ১০ মিনিট সাংবাদিকদের জন্য। সেই ১০ মিনিটে কথা হলো তাঁর কাজ এবং নতুন ছবি বিশ্বরূপম নিয়ে। তিনি জানালেন শেষের কবিতা চলচ্চিত্রে অভিনয়ের কথা। জলবায়ু পরিবর্তন, নারী-পুরুষের সমান অধিকার, ধর্মবৈষম্য দূর করা নিয়ে কাজ করছেন তিনি।ইংলিশ, মিস্টার অ্যান্ড মিসেস আয়ার, অন্তহীন, কালপুরুষ, পেয়ার কি সাইড ইফেক্টস—এমন সব জনপ্রিয় ছবির অভিনয়শিল্পী রাহুল বোস গতকাল ঘুরে গেলেন ঢাকা। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার জন্য তিনি ঢাকায় আসেন। দুপুরেই ফিরে যান। তার আগে তিনি জানালেন, কয়েক মাস পর তিন-চার দিনের সফরে আবার বাংলাদেশে তাঁর আসার সম্ভাবনা রয়েছে। প্রতিবছর দেশ-বিদেশে কয়েকটি স্কুল-কলেজে বক্তব্য দেন তিনি। এবার ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রণ পেয়ে রাজি হয়ে যান। তিনি বললেন, ‘এই শিক্ষার্থীরা নতুন এক জীবন শুরু করতে যাচ্ছে। সেই জীবনের জন্য কীভাবে নিজেদের প্রস্তুত হতে হবে, তারই একটা ধারণা দিয়েছি। আমার জীবনের এই সময়টাতে এ কথাগুলো যদি আমাকে কেউ বলত!’ রাহুল বোসের বিস্তারিত সাক্ষাৎকার পড়ুন আগামী ‘আনন্দ’তে