ঢাকায় লাগাতার যাত্রাপালা
যুগ যুগ ধরে বাঙালি তার ভেতরে লালিত সংস্কার আর সংস্কৃতির মিশেলে নানা আয়োজনে পালন করে আসছে বৈশাখে। তারই ধারাবাহিকতায় ঢাকার হাজারীবাগ কামরাঙ্গীরচর বরাবর কোম্পানীঘাটে বসেছে যাত্রার আসর। পয়লা বৈশাখে গীতিনাট্য যাত্রাগান দিয়ে শুরু এর আনুষ্ঠানিকতা। চলছে এখনো। আয়োজক কর্তৃপক্ষ জানায়, পরিবেশ-পরিস্থিতি ভালো থাকলে আরও কিছুদিন চালানো হবে। যাত্রার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, যাত্রাশিল্পের এখন অফ সিজন। নিয়মনীতি অনুযায়ী ৩০ চৈত্র মৌসুম শেষ হয়ে গেছে। এখন যে যাত্রা হচ্ছে তা ‘আষাঢ়ে’ যাত্রা হিসেবে স্বীকৃতি পাচ্ছে। জনৈক রমজান আলী মিয়া জুয়া খেলার উদ্দেশ্যে আষাঢ় মাসে যাত্রার আয়োজন করে হাউজি জুয়া খেলতেন। সেই থেকে বৈশাখে শুরু হওয়া যাত্রাগানকে আষাঢ়ে যাত্রা আখ্যা দেওয়া হচ্ছে। তবে এখন আষাঢ়ে যাত্রায় জুয়ার প্রচলন নেই। কোম্পানীঘাটে এখন যে স্থানে বৈশাখ থেকে যাত্রা হয়ে আসছে, আগে সেখানে মৌসুমি যাত্রার আয়োজনও অনেক জনপ্রিয়তা পেয়েছিল। প্রায় আড়াই-তিন মাস একটানা গান-বাজনার পর ফাঁকে দিন কয়েক বন্ধ রেখে সেখানে পুনরায় শুরু হয় বৈশাখী যাত্রা, যা আষাঢ়ে যাত্রার পর্যায়ভুক্ত।খোঁজখবর নিয়ে দেখা গেছে, মৌসুমি আর আষাঢ়ে যাত্রাগানে ২১টির মতো গীতাত্মক যাত্রার দল অংশ নিয়েছে। তাতে প্রায় সাড়ে ৮০০ শিল্পী-কুশলীর অভিনয় নৈপুণ্যের সুযোগ হয়েছে। প্যান্ডেল এখনো হাউসফুল যাচ্ছে। মৌসুমি যাত্রা যেমন ঘন কুয়াশা, তীব্র শীত উপেক্ষা করে দর্শক আসতেন, তেমনি আষাঢ়ে যাত্রাতেও দাবদাহ ঠেলে দর্শক এসে প্যান্ডেল হাউসফুল দিচ্ছেন। যাত্রাগুণীরা বলছেন, ঢাকায় লাগাতার যাত্রাগান অবিস্মরণীয় ঘটনা। নগর সংস্কৃতিতে যাত্রাশিল্প একটা ইতিবাচক প্রভাব ফেলতে পারবে—এমনও মত পোষণ করেছেন যাত্রা সংশ্লিষ্ট ব্যক্তিরা। বর্তমানে লক্ষ্মীপুরের কেয়া যাত্রা ইউনিটের শিল্পীরা নিউ শিল্পী নাট্য সংস্থার ব্যানারে এই প্যান্ডেলে অবস্থান করছেন। থাকবেন আরও সপ্তাহ খানেক। এই প্যান্ডেলের একাধিক দর্শক জানান, তাঁরা ঢাকার প্যান্ডেলে এত প্রচ্ছন্ন পালা প্রযোজনা আগে কখনো দেখেননি। আয়োজক হানিফ মিয়ার কথা হচ্ছে, যাত্রার হূতগৌরব ফিরিয়ে আনতে তিনি দ্রুত চেষ্টা চালাচ্ছেন।