ঢাকায় শর্মিলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ঢাকায় এসেছিলেন শর্মিলা ঠাকুর ও সৌমিত্র চট্টোপাধ্যায়। রবীন্দ্রনাথকে নিয়ে ‘অনিঃশেষ প্রাণ’ পাঠাভিনয় করলেন তাঁরা। সৌমিত্র এর আগেও ঢাকায় এসেছেন অনেকবার। শর্মিলা এবারই প্রথম এলেন। এই তাঁদের সঙ্গে আলাপচারিতা নিয়েই এই আয়োজনবয়স হয়েছে, চালচলনে একেবারেই তা বোঝা যাচ্ছে না। লবির পুরোটা পথ হেঁটে এসে বসলেন সোফায়। এ যেন শিল্প আর আভিজাত্য মিলেমিশে এক অনির্বচনীয় ছন্দের জন্ম হলো। মুহূর্তগুলোকে অনায়াসে কবিতা বলা যায়। একটু বোঝা যাচ্ছে, একটু থাকছে অবোধ্য, একটু নিজেরাই তৈরি করে নিচ্ছি নিজেদের মতো করে। আমাদের সামনে সেই শর্মিলা ঠাকুর, বাংলা ও হিন্দি ছবিতেই যাকে দেখা। আগে সামনাসামনি দেখার প্রশ্নই আসে না। কারণ, আমাদের দেশে এবারই প্রথম এলেন তিনি।ঢাকার একটি হোটেলে বসে প্রথমেই তাঁকে জানিয়ে দেওয়া হলো, দূর থেকে লবিতে যখন দেখলাম, তখন তাঁকে মনে হচ্ছিল একজন তরুণী। অপুর সংসার-এর অপর্ণাতেই বুঝি আটকে গেছেন। কীভাবে নিজেকে এখনো সবুজে মুড়ে রাখলেন?শর্মিলা বললেন, জানি না। হয়তো সরষের তেল আর মাছ খাওয়ার জন্য। ব্যায়াম করি নিয়মিত। হাঁটাচলা করতে হয়। আমাদের সমবয়সীরা যদি নিয়মমতো ব্যায়াম না করেন, তাহলে শরীরে নানা রকম অসুবিধা হয়। পায়ে বা পিঠে ব্যথা হতে পারে। তাই ব্যায়ামটা নিয়মিত করা উচিত।আমাদের মনে পড়ে যায়, ষাটের দশকের শর্মিলা ঠাকুরকে। কলকাতা থেকে বম্বে (এখনকার মুম্বাই) গিয়ে শক্তি সামন্তের কাশ্মীর কি কলি (১৯৬৪), হূষিকেশ মুখার্জির অনুপমা (১৯৬৬), এরপর আবার শক্তি সামন্তের অ্যান ইভনিং ইন প্যারিস ছবির পর রঙিন দুনিয়ার রানি হয়ে উঠলেন ঠাকুর পরিবারের এই কন্যা। তাঁকে অনুকরণ করা শুরু করল গোটা ভারত। শাম্মি কাপুর, রাজেশ খান্নার সঙ্গে শর্মিলা তখন একের পর এক ছবি করে যাচ্ছেন। আরাধনা, সফর, অমর প্রেম, দাগ ইত্যাদি ছবির মাধ্যমে নিজের ভিত গড়ে তুললেন শর্মিলা। গ্ল্যামারটাই যে সবকিছু নয়, অভিনয়ে নিজস্বতা না থাকলে যে ভিত নড়ে যায়, সে কথা ক্যারিয়ারের শুরুতেই বুঝেছিলেন তিনি। ফলে শক্তিশালী অভিনয় আর সৌন্দর্য দিয়েই ভারতীয় ছবির জগতে শর্মিলা স্থায়ী ঠাঁই করে নিলেন।বয়সের সঙ্গে সঙ্গে চরিত্র বেছে নেওয়ার বিষয়টির ওপরই জোর দিলেন তিনি। বললেন, সময়ের সঙ্গে যেতে হয়। নিজেকে অন্য রূপে আবিষ্কার করতে হয়। এই পরিবর্তনটুকু না করলে থেমে যেতে হবে। এক বয়সে যা ভালো লাগে, অন্য বয়সে তা একেবারেই ভালো লাগে না। সাজগোজ, কথাবার্তা, অভিনয়—সবকিছুতেই তখন নতুনত্ব থাকতে হবে। আমাদের দেশগুলোয় বয়স ও সৌন্দর্যই প্রধান চরিত্রের জন্য মুখ্য হয়ে থাকে। এখানে মূলত ৩০ বছরের পর নায়িকা হিসেবে কেউ নিতে চায় না। বয়স বাড়লে চলচ্চিত্রে চরিত্র খুঁজে পাওয়াও মুশকিল। হলিউডে সেই সমস্যা নেই। লিজ টেলর, সোফিয়া লরেনরা মধ্য বয়সেও ভালো চরিত্র পেয়েছেন। এখন মেরিল স্ট্রিপও ভালো চরিত্র পাচ্ছেন। আমাদের দেশগুলোয় তা সম্ভব নয়।মনে করিয়ে দিই, ইদানীং কিছু বাংলা ছবিতে আপনাকে দেখা যাচ্ছে...কথা কেড়ে নিয়ে বলেন, হ্যাঁ, শুভ মহরত, আবার অরণ্যে, অন্তহীন ছবিগুলোর কাজ করেছি। অন্তহীন-এ একটি ছোট চরিত্রে কাজ করেছি। কিন্তু চরিত্রটিতে কাজ করার অনেক সুযোগ ছিল, পরিপূর্ণ চরিত্র। জানা গেল, সত্যজি ৎ রায় অশনি সংকেত ছবির স্ক্রিপ্টও পাঠিয়েছিলেন শর্মিলাকে। কিন্তু পরে সে চরিত্রটি করেছিলেন ববিতা। ভালো কাহিনি হলে বাংলাদেশের ছবিতেও অভিনয় করতে চান তিনি।আমরা দেখছিলাম সেই শর্মিলা ঠাকুরকে, যিনি অভিনয়ের পাশাপাশি বাগান করতে ভালোবাসেন, ভালোবাসেন রান্না করতে। ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে চান না একেবারেই।পাশে তখন সৌমিত্র চট্টোপাধ্যায়। ১৪ বছর বয়সে যখন শর্মিলা প্রথম অভিনয় করলেন, তখন তাঁর নায়ক ছিলেন সৌমিত্র। দেখাটেখা হয় দুজনের মধ্যে?এবার হাসলেন শর্মিলা। বললেন, সৌমিত্রর সঙ্গে যদি ১০ বছরও দেখা না হয়, তাহলেও আমরা কাছাকাছি থাকি।