ঢাকায় শ্রেয়ার অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কলকাতা থেকে এর আগে আমার গাওয়া বাংলা গানের একক অ্যালবাম বেরিয়েছিল। তবে বাংলাদেশের কোনো অ্যালবামের জন্য এবারই প্রথম কাজ করছি। গানগুলোর কথা ও সুর চমত্কার। আমার ভালো লেগেছে।’ বললেন শ্রেয়া ঘোষাল। ভারতের এ সময়ের জনপ্রিয় এই কণ্ঠশিল্পীর বাংলা গানের অ্যালবাম বের হবে ঢাকা থেকে। ঢাকার নিশান শুভ্র ও কলকাতার বাণীকণ্ঠ যৌথভাবে গানগুলোর কথা, সুর ও সংগীতায়োজন করছেন। নিশান জানিয়েছেন, মুম্বাইতে এই অ্যালবামের কাজ শুরু হয়েছে। এরই মধ্যে ‘প্রেম নিবেদন’, ‘কোনো দোষ নেই আমার’ ও ‘ক্লান্ত হয়ে গেছে পৃথিবী এখন’ শিরোনামে তিনটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। বাকি সাতটি গানের রেকর্ডিংয়ের কাজ কিছু দিনের মধ্যেই শেষ হবে। মুঠোফোনে শ্রেয়া আরও বলেন, ‘বাকি গানগুলোর জন্য একটু সময় নিতে চাইছি। কারণ গানগুলো যত্ন নিয়ে করতে চাই।’ অ্যালবামের নাম এখনো চূড়ান্ত হয়নি।