ঢাকায় সীমিত সাংস্কৃতিক কেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার সংস্কৃতিচর্চার মূল কেন্দ্র বাংলাদেশ শিল্পকলা একাডেমি
ঢাকার সংস্কৃতিচর্চার মূল কেন্দ্র বাংলাদেশ শিল্পকলা একাডেমি

জাতিসংঘের ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টের প্রতিবেদন অনুযায়ী, এখন ঢাকার জনসংখ্যা ১ কোটি ৭০ লাখ। ২৭০ বর্গকিলোমিটার আয়তনের এই শহরে সাংস্কৃতিক চর্চা সেগুনবাগিচা ও শাহবাগকেন্দ্রিক হয়ে গেছে। সেগুনবাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগার ও জাতীয় জাদুঘর। উৎসব পার্বণে সারা শহরের চারপাশের সংগীতানুরাগীরা ভিড় করেন এই এলাকাগুলোয়। এর বাইরে সংস্কৃতি বিনিময়ের সুযোগ নেই বললেই চলে। যে দু-একটি তৈরি হয়েছিল, সেগুলোও প্রায় পরিত্যক্ত।

যানজট আর ঘনবসতির এই নগরে উত্তরা, মিরপুর ও গুলশান এলাকায় সাংস্কৃতিক কেন্দ্র করার দাবি ছিল দীর্ঘদিনের। কিন্তু উত্তরা ছাড়া অন্য এলাকাগুলোয় আপাতত কোনো সাংস্কৃতিক কেন্দ্র তৈরির সম্ভাবনা নেই। মিরপুরে টাউন হলে একটি সাংস্কৃতিক কেন্দ্র করার পরিকল্পনা ছিল। তবে এটি করা সম্ভব হচ্ছে না।

নাটকের মঞ্চগুলো মূলত সেগুনবাগিচাকেন্দ্রিক। বেইলি রোডের মহিলা সমিতি মঞ্চে নিয়মিত নাটক হয় না। মিলনায়তনটি তুলনামূলক ছোট এবং বেশি ভাড়া হওয়ার কারণে নাটকের দলগুলো এখানে কম আসে। নাটকের উৎসবগুলো মূলত জাতীয় নাট্যশালায় এবং পরীক্ষণ থিয়েটারে হয়। কিন্তু বাস্তবতা বলছে এখানে উত্তরা, গুলশান, বারিধারা, বনানী, মিরপুর, বাসাবো, রামপুরা, যাত্রাবাড়ী, গেন্ডারিয়াসহ পুরান ঢাকার বিভিন্ন এলাকা থেকে দর্শকেরা তুলনামূলক কম আসেন নাটক দেখতে। মিরপুর এলাকার বাসিন্দা মোস্তফা রানা বলেন, ‘নাটক দেখতে ইচ্ছা করে ঠিকই কিন্তু সন্ধ্যার দিকে যানজট বেশি থাকে বলে এত দূর যাওয়ার কথা মনে হলেই সাহসে কুলায় না। যেতে-আসতে চার ঘণ্টা লেগে যায়।’

পুরান ঢাকার মানুষের বিনোদনের চিন্তা করে ঢাকার তৎকালীন মেয়র মোহাম্মদ হানিফ ১৯৯৭ সালে গুলিস্তানে প্রতিষ্ঠা করেন মহানগর নাট্যমঞ্চ। কিন্তু অবহেলা আর অব্যবস্থাপনায় মঞ্চটি ব্যবহারের অনুপযুক্ত হতে চলেছ। চালুর পর শুরুতে দু-একটি নাটক এখানে মঞ্চস্থ হয়েছিল। কিন্তু তারপর নানা কারণে উৎসাহে ভাটা পড়ে। এখন আর সেখানে নাটক হয় না।

মহানগর নাট্যমঞ্চ মোটেও সংস্কৃতিবান্ধব নয়
মহানগর নাট্যমঞ্চ মোটেও সংস্কৃতিবান্ধব নয়

সরেজমিনে দেখা গেছে, মহানগর নাট্যমঞ্চটির অবস্থা মোটেও সংস্কৃতিবান্ধব নয়। মিলনায়তনের ফটক, করিডর ভাসমান লোকজনের দখলে। কৃত্রিম জলাধারে নোংরা পানি, ভাসছে ময়লা। আশপাশে মাদকাসক্ত ও ভাসমান লোকজনের আনাগোনা। অযত্ন-অবহেলায় বাংলাদেশের প্রথম আধুনিক নাট্যমঞ্চটি পুরোপুরি অচল বললে বাড়াবাড়ি হবে না। রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা একজন কর্মী জানালেন এখন মিলনায়তনটি রাজনৈতিক সমাবেশ, বাণিজ্যিক প্রতিষ্ঠানের বার্ষিক সভাসহ নানা আয়োজনে ব্যবহৃত হয়। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এমনকি ধর্মীয় প্রতিষ্ঠান ভাড়া নেয় মিলনায়তনটি।

ঢাকা দক্ষিণের বাসিন্দাদের হতাশ করেছে জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র। পুরান ঢাকার সূত্রাপুর এলাকায় সিটি করপোরেশনের উদ্যোগে ২০০৮ সালে চালু করা হয়েছিল জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র। এখন মঞ্চে আলো জ্বলে খুব কম দিন। সেখানে গিয়ে দেখা যায়, নিষ্প্রাণ ভবনের মূল দরজায় তালা ঝুলছে। শেষ কবে নাটক মঞ্চস্থ হয়েছে, এ খবর দিতে পারলেন না গ্রুপ থিয়েটার ফেডারেশনের কেউই।

বর্তমান অবস্থায় গুলিস্তান ও সূত্রাপুরের মিলনায়তন দুটিতে নাটক মঞ্চায়ন সম্ভব নয় বলে মত দিয়েছেন বেশ জ্যেষ্ঠ নাট্যকর্মী। দুটি মিলনায়তনের ভাড়া অনেক বেশি।

রাজধানীর নিকুঞ্জ এলাকার স্থায়ী বাসিন্দা শামীম আহমেদ বলেন, ‘আমাদের এলাকা থেকে সেগুনবাগিচা-শাহবাগের দিকে যাত্রা করলে অনুষ্ঠানস্থলে পৌঁছাতে দেরি হয়ে যায়। কেননা, বিকেলের সময়টাতে শহরে যানজট বেশি থাকে। আবার অনুষ্ঠান দেখে ফিরতে অনেক রাত হয়ে যায়। এ কারণে এখন আর সাহসে কুলায় না। আমাদের জন্য উত্তরার দিকে কিছু একটা থাকলে খুব ভালো হতো।’

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস প্রথমেই মিরপুর প্রসঙ্গে আনলেন। তিনি বলেন, মিরপুরের মতো এত বড় একটি এলাকায় যেখানে কয়েক লাখ লোকের বসবাস, সেখানে একটিও সাংস্কৃতিক কেন্দ্র নেই। ভাবা যায়! গোলাম কুদ্দুস মনে করেন, শিল্পকলা একাডেমি সব সময়ই শিল্পের সব মাধ্যমের মধ্যমণি হিসেবে থাকবে, এটাই স্বাভাবিক। তবে তা শুধু একাডেমিকেন্দ্রিক হলে চলবে না। উত্তরা, মিরপুর, যাত্রাবাড়ীসহ রাজধানীর বিভিন্ন প্রান্তে ২০টি সাংস্কৃতিক কেন্দ্র হওয়া উচিত।

হতাশ করেছে জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র
হতাশ করেছে জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র

এ অবস্থায় একটা সুখবর পাওয়া গেছে। দীর্ঘদিন পর এর একটি পূরণ হচ্ছে। রাজধানীর উত্তরায় আধুনিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। জমি পাওয়া গেছে। স্থাপনা নির্মাণের জন্য নকশার কাজ চলছে। শিগগিরই উত্তরায় শুরু হবে কালচারাল কমপ্লেক্সের কাজ।

উত্তরায় প্রস্তাবিত কালচারাল কমপ্লেক্স পরিচালনা করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। উত্তরার ১৭ নম্বর সেক্টরের ৩ ও ৪ অ্যাভিনিউতে স্থাপনা ও অবকাঠামো তৈরির জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ থেকে ৪১ কাঠা জমি পাওয়া গেছে বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। তিনি জানান, মূলত শিল্পকলা একাডেমির বিভিন্ন কার্যক্রম সেখানে হবে। তিনি আরও বলেন, একটি পূর্ণাঙ্গ শিল্পকলা একাডেমিতে যেসব সুযোগ-সুবিধা থাকে, এখানে তার সবটাই থাকবে। প্রাথমিকভাবে একটি আন্তর্জাতিক মিলনায়তন, গ্রন্থাগার ও মুক্তমঞ্চ স্থাপনের পরিকল্পনা করা হয়েছে।

মিরপুরে টাউন হল মিলনায়তনটি দীর্ঘদিন ধরে পূর্ণাঙ্গ সাংস্কৃতিক কেন্দ্রর জন্য দাবি করছিলেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের নেতারা। সিটি করপোরেশন থেকে আশ্বাসও মিলেছিল। কিন্তু ঢাকা উত্তর সিটি করপোরেশন সাবেক মেয়র আনিসুল হকের মৃত্যুর পর মিরপুর টাউন হলটিও অনিশ্চিত হয়ে গেছে বলে জানালেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক।

উত্তরার সাংস্কৃতিক কেন্দ্রটি চালু হতে সময় লাগবে। এটি প্রস্তুত হলে উত্তরা, নিকুঞ্জ, খিলক্ষেত এলাকার বাসিন্দাদের সুবিধা হবে। কিন্তু উত্তরে মিরপুর কিংবা দক্ষিণে যাত্রাবাড়ী কিংবা এর আশপাশে এলাকার বাসিন্দাদের দুঃখ থেকেই গেল।