ঢাকায় সোমলতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি ময়মনসিংহের মুক্তাগাছা জমিদারবাড়ির মেয়ে। আমার ঠাকুরদা ছিলেন জমিদার। নানার বাড়ি নোয়াখালীতে। এবারই প্রথম বাংলাদেশে এসেছি।’ বললেন সোমলতা আচার্য চৌধুরী। ভারতের পশ্চিমবঙ্গের এ সময়ের খুব জনপ্রিয় এই শিল্পী ঢাকায় এসেছেন। গত শুক্রবার রাতে গান করেছেন আরটিভির ‘বর্ষাবরণ উৎসব’ এবং ‘কিংস্টার মোবাইল আরটিভি রকস্টার স্টুডিও’ অনুষ্ঠানে। গতকাল শনিবার সকালে কথা হলো তাঁর সঙ্গে। গান গাওয়ার পাশাপাশি সোমলতা এখন আশুতোষ কলেজে মনোবিজ্ঞান বিভাগে শিক্ষকতা করছেন। সোমলতার গাওয়া রবীন্দ্রসংগীত ‘জাগরণে যায় বিভাবরী’ (রঞ্জনা আমি আর আসব না) এবং ‘মায়াবন বিহারিণী’ (বেডরুম) ইদানীং খুব জনপ্রিয় হয়েছে। সোমলতা বললেন, ‘ছোটবেলা থেকেই রবীন্দ্রসংগীত গাওয়ার ঢংটা আমার পছন্দ হয়নি। কিন্তু রবীন্দ্রসংগীত আমার খুব আপন। বড় হওয়ার পর গানের কথা বুঝে সুর আয়ত্ত করে নিজের অনুভূতি দিয়ে তা গাওয়ার চেষ্টা করছি। “জাগরণে যায় বিভাবরী” গানটি জনপ্রিয় হওয়ার পর রূপম ইসলামের সঙ্গে যোগাযোগ হলো। তিনি ‘মায়াবন বিহারিণী’ গানটি অন্যভাবে পরিবেশনের কথা ভেবেছিলেন। আমিও রাজি হয়ে গেলাম। কিন্তু একবারও ভাবিনি, আমার গাওয়া গানটি এতটা জনপ্রিয় হবে।’শুধু রবীন্দ্রসংগীত নয়, আধুনিক গান আর শাস্ত্রীয় গানেও দারুণ দক্ষ সোমলতা। তিনি প্রথম গান করেন টেলিছবিতে, সঙ্গে ছিল জিঙ্গেল। তারা মিউজিকের ‘টেক এ ব্রেক’ অনুষ্ঠানটি তাঁকে চলচ্চিত্রে গান গাওয়ার সুযোগ করে দেয়। প্রথম প্লেব্যাক করেন ক্রস কানেকশন (২০০৯) ছবিতে। এরপর ইউ টার্ন (২০১০), রঞ্জনা আমি আর আসব না (২০১১), সেভেন ডেজ (২০১১), বেডরুম (২০১২) এবং ইলার চার অধ্যায় (২০১২) ছবিতে। ২০০৯ সালে পূজায় এসেছে তাঁর প্রথম একক অ্যালবাম সোমলতা চুপকথা। কাজ করছেন দ্বিতীয়টির। সোমলতা ঢাকায় আছেন ১৯ জুন পর্যন্ত। একাধিক অনুষ্ঠানে গান গাওয়ার কথা রয়েছে তাঁর।