সাহিত্যচর্চা উৎসাহিত করা ও ভাবনার জগৎ প্রসারিত করার উদ্দেশ্য নিয়ে দ্বিতীয়বারের মতো হে সাহিত্য উৎসব শুরু হচ্ছে ঢাকায়। ১৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত বাংলা একাডেমীতে হবে আন্তর্জাতিক এই সাহিত্য উৎসব। গতকাল রোববার সকালে একাডেমীর নতুন ভবনের সেমিনারকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত কর্মসূচি জানানো হয়।যুক্তরাষ্ট্রের ওয়েলসের হে শহরে এই উৎসবের শুরু হয় ২৫ বছর আগে। এখন এই উৎসব হচ্ছে পৃথিবীর পাঁচটি মহাদেশের ১৬টি শহরে। গত বছর পরীক্ষামূলকভাবে এক দিনের উৎসব হয় ব্রিটিশ কাউন্সিলে। সেই উৎসব সাহিত্যামোদীদের মধ্যে যে সাড়া জাগিয়েছিল, তার পরিপ্রেক্ষিতেই এবারের আয়োজন বলে আয়োজকেরা জানান। এবারের উৎসব হচ্ছে ব্রিটিশ কাউন্সিল, বাংলা একাডেমী, দ্য ডেইলি স্টার, প্রথম আলো, যাত্রিক কাজী অ্যান কাজী চায়ের সম্মিলিত আয়োজনে।সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষে সাদফ সাস্ সিদ্দিকী ও ইংরেজি ভাষার লেখক তাহমিমা আনাম, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, সাহিত্যিক সৈয়দ শামসুল হক, ব্রিটিশ কাউন্সিলের রবিন ডেভিস, দ্য ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক বদরুল আহসান, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ ও জেমকন গ্রুপের পক্ষে কাজী আনিস আহমেদ উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, তিন দিনের এই উৎসবে বাংলাদেশের ৪০জন বিশিষ্ট লেখকের সঙ্গে বিশ্বখ্যাত ২৫ জন সাহিত্যিক অংশ নেবেন। উৎসব সবার জন্য উন্মুক্ত। নির্ধারিত সাহিত্যিকেরা ছাড়াও অংশগ্রহণকারীদের মধ্যে থেকেও আগ্রহীরা উৎসবের বিভিন্ন সেমিনারে অংশ নিয়ে আলোচনা করতে পারবেন। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় উৎসবের অধিবেশন থাকবে। একাডেমীর নতুন ভবনের সেমিনারকক্ষ, প্রধান মিলনায়তন এবং প্রাঙ্গণে অধিবেশনগুলো চলবে। এই উৎসবের মধ্য দিয়ে বাংলাদেশে যাঁরা ইংরেজিতে সাহিত্য চর্চা করছেন, তাঁদের সাহিত্যকর্ম এবং অনুবাদের মাধ্যমে বাংলা সাহিত্যকে বিশ্ব সাহিত্যাঙ্গনে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে। রঙ্গ হর্ষে বিংশ বর্ষেথিয়েটার আর্ট ইউনিটের দুই দশক পূর্ণ হলো। এ উপলক্ষে ‘রঙ্গ হর্ষে বিংশ বর্ষে’ শীর্ষক আন্তর্জাতিক নাট্যোৎসবের আয়োজন করেছে সংগঠনটি। ১৪ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত চলবে এই উৎসব।গতকাল সকালে জাতীয় প্রেকক্লাবে অনুুষ্ঠিত সংবাদ সম্মেলনে উৎসবের কর্মসূচি জানান দলের প্রধান রোকেয়া রফিক, উৎসবের সদস্যসচিব মোহাম্মদ বারী, ফেরদৌস আমিন ও চন্দন রেজা।উৎসবে বাংলাদেশ ছাড়া নেপালের একটি এবং ভারতের কলকাতা, মুর্শিদাবাদ ও ভোপালের চারটি নাটকের দল অংশ নেবে। শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মঞ্চ ও পরীক্ষণ থিয়েটারে মোট ২১টি নাটক মঞ্চস্থ হবে। বাংলা জ্যাজের সুরের লহরীগত শতাব্দীর তৃতীয় দশক থেকে যুক্তরাষ্ট্রে জ্যাজ সংগীতের প্রচলন শুরু হয়। কালো মানুষেরা তাদের নিজেদের দৈনন্দিন জীবন-যাপনের দুঃখ-কষ্ট সুরে-তালে প্রকাশ করত এ সংগীতে। কিন্তু ক্রমেই এ সংগীত হয়ে ওঠে পৃথিবীর অন্যতম ধ্রুপদী শিল্পে এবং ছড়িয়ে পড়ে বিশ্বময়। রাজধানীর গুলশানের স্পেক্ট্রা কনভেনশন মিলনায়তনে গত শুক্রবার আমেরিকার সেই প্রসিদ্ধ সংগীতেরই একটি অনুষ্ঠানের আয়োজন করল যনটা ক্লাব। এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করল গানের দল বাংলা জ্যাজ এবং স্থানীয় শিল্পীরা। স্যাক্সোফোন, তবলা, পিয়ানো, পার্কেশানের মাধ্যমে তাঁরা একের পর এক সুরের ঝংকার তুলে ভরিয়ে তোলেন মিলনায়তনভর্তি দর্শক-শ্রোতাদের মন।