ঢাকায় হৃতিকের ছয় মিনিটের ঝলক
মঞ্চে তাঁর উপস্থিতি মাত্র ছয় মিনিটের। কিন্তু বিপিএল টি ২০ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানে এই ছয় মিনিটের মঞ্চ উপস্থিতি দিয়েই ঢাকার ভক্ত-দর্শকদের মাতিয়ে গেলেন বলিউড অভিনেতা হৃতিক রোশন। আর সঙ্গে করে নিয়ে গেলেন ঢাকার মানুষের উষ্ণ ভালোবাসা। অনুষ্ঠানের রান-ডাউনে লেখা ছিল, হৃতিক মঞ্চে উঠবেন রাত সাড়ে নয়টায়। কিন্তু তা সম্ভব হয়নি। উপস্থাপিকা নুসরাত ফারিয়ার ঘোষণার ঠিক দুই মিনিট পর হৃতিক যখন মঞ্চে আসেন তখন ঘড়ির কাঁটায় সময় রাত নয়টা ৪৯ মিনিট।
পুরো মঞ্চজুড়ে তখন অন্ধকার। শরীরে কৃত্রিম আলো লাগিয়ে সহ-নৃত্যশিল্পীরা মঞ্চে সবে নাচতে শুরু করেছেন। তাঁরা দুই দিকে সরে যেতেই মাঝ থেকে দেখা গেল বলিউড তারকা হৃতিকের মুখ। স্টেডিয়ামে আগত দর্শকেরা যার জন্য বিকেল থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছেন, অবশেষে সেই হৃতিকের দেখা মিলল ঢাকার মঞ্চে।

অনুষ্ঠানে তাঁর পরিবেশনার শুরুতে ‘ব্যাং ব্যাং’ ছবির গানের তালে নেচেছেন তিনি। এরপর হৃতিক ঢাকার দর্শকদের যেন ফিরিয়ে নিয়ে গেলেন আজ থেকে ১৫ বছর আগের সময়ে। ২০০০ সালে মুক্তি পাওয়া ‘কহো না পেয়ার হ্যায়’ ছবির জনপ্রিয় গান ‘এক পল কা জিনা’-এর সঙ্গে নাচের তালে সেই চেনা হৃতিকের দেখা মিলল। হৃতিক এরপর আবারও ফিরে এলেন বর্তমানের ‘ব্যাং ব্যাং’ছবির সময়ে। নাচলেন এ ছবির ‘তু মেরি’ গানের সঙ্গে। সবশেষে ‘ধুম টু’ ছবির (২০০৬) ‘ধুম মাচালে’ গানের সঙ্গে নেচে বুঝিয়ে দিলেন তাঁর পরিবেশনার মান! এ অনুষ্ঠানে হৃতিক তাঁর অভিনীত কয়েকটি ছবির জনপ্রিয় গানের তালে নেচেছেন, ঠোঁট মিলিয়েছেন।
ঢাকায় এসে তিনি এতটাই আপ্লুত যে ছয় মিনিটের পরিবেশনা শেষেও হৃতিক মাঠ ও গ্যালারিতে বসে থাকা দর্শকদের উদ্দেশে বাংলায় বলেন, ‘কেমন আছেন? ভালো তো?’ ‘বাংলাদেশের চমৎকার মানুষেরা, আজকের রাতটা সত্যিকার অর্থেই মনে হচ্ছে পুরোপুরি জাদুময়!’
স্টেডিয়ামে আসা ভক্ত ও দর্শকদের উদ্দেশে হৃতিক বলেন, ‘আপনারাই আমার শক্তি, অনুপ্রেরণা, ভালোবাসা। আপনাদের কথা আমি সব সময়ই মনে রাখি। আজকে আমি যা, তার সবকিছুই আপনাদের জন্যই।’
বিপিএল টি ২০ ক্রিকেটের টুর্নামেন্ট। হৃতিকের ক্রিকেট ভালো লাগে? উপস্থাপিকার এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘অবশ্যই। আমি ক্রিকেট ভালোবাসি। সব ধরনের খেলাধুলা আমার ভালো লাগে। জীবনে খেলাধুলা খুব গুরুত্বপূর্ণ।’