ঢাকায় হ্যামলেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার মঞ্চে শেক্সপিয়ারের গ্লোব থিয়েটার। ৪০০ বছর আগে শেক্সপিয়ার যে থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন, সে দলই এল বাংলাদেশে এবং জয় করল শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় উপস্থিত দর্শক-শ্রোতার মন। ডেনমার্কের প্রিন্স হ্যামলেট পিতৃহত্যার বিষয় এবং হত্যাকারীকে চিনে নেওয়ার পর থেকে তাঁর দোদুল্যমানতা দিয়ে মোহাবিষ্ট করে রাখলেন সবাইকে। মা, চাচা, প্রেয়সী ওফেলিয়া—সবাই থাকল নাটকে, অভিনয়ে একে অন্যকে ছাড়িয়েও গেল তারা, কিন্তু হ্যামলেটের বেদনা, প্রতিশোধস্পৃহা আর সিদ্ধান্তহীনতার কাছেই যেন ফিরে ফিরে যেতে হলো।
এ এক অনবদ্য পরিবেশনা।
গ্লোব থিয়েটারের হ্যামলেট নাটকের নির্দেশনায় ছিলেন ডমিনিক ড্রমগুল ও বিল বাকহার্স্ট। হ্যামলেট চরিত্রে রূপ দেন নাঈম হায়াত।
নাটক শুরু হওয়ার আগে ছিল সংবাদ সম্মেলন। তাতে উপস্থিত ছিলেন নাসির উদ্দীন ইউসুফ এবং গ্লোব থিয়েটারের চারজন অভিনয়শিল্পী, যাঁরা আজ মঞ্চে ওঠেননি। তাঁরা হলেন কিট বার্টলেট, ল্যাডি এমেরুয়া, ফবি ফিল্ডেস ও টম লরেন্স।
এ কথা এখন অনেকেই জেনে গেছেন, শেক্সপিয়ারের ৪৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই বছরব্যাপী পৃথিবী ভ্রমণ শুরু করে গ্লোব থিয়েটার। তারই ধারাবাহিকতায় এবার ভিয়েতনাম, সিঙ্গাপুর হয়ে দলটি ঢাকায় এসেছে। জাতীয় নাট্যশালা মিলনায়তনে ৭৩৮ জন সৌভাগ্যবান দর্শক এই নাটক দেখার সুযোগ পেলেন। তবে টিকিটের চাহিদা ছিল এর চেয়ে অনেক বেশি। নাসির উদ্দীন ইউসুফের মতে, এই সংখ্যা ১০ হাজারেরও বেশি। যে দর্শক ও নাট্যকর্মীরা নাটকটি দেখতে পেলেন না, তাঁদের কাছে ক্ষমা চাইলেন নাসির উদ্দীন ইউসুফ।
নাসির উদ্দীন ইউসুফ বললেন, এই নাটকটি মঞ্চায়নের জন্য নাট্যশালা মিলনায়তন নতুনভাবে সাজানো হয়েছে। এমনকি এই নতুন সজ্জার ক্ষেত্রে সাজঘর, প্রসাধনী কক্ষও বাদ যায়নি। টম লরেন্স জানান, ‘আমরা দুঃখিত, এত অল্প সময়ের জন্য এসেছি বলে অনুরোধ থাকা সত্ত্বেও দ্বিতীয় আরেকটি শো করতে পারছি না।’ কিট বারলেট বাংলাদেশের আতিথেয়তার অকুণ্ঠ প্রশংসা করলেন।
সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন ছিল, শেক্সপিয়ারের হ্যামলেটকেই কেন বেছে নেওয়া হলো। এর উত্তরে টম লরেন্স বললেন, ‘হ্যামলেট একটি মহান মানবিক অভিজ্ঞতা। সে কারণেই এই নাটকটি আমরা বেছে নিয়েছি।’
হ্যামলেট ৪০০ বছর আগের নাটক। সমসাময়িক করার জন্য কি কোনো পরিবর্তন আনা হয়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি বললেন, ‘এটি খুব সহজ একটি পরিবেশনা। অভিনয়শিল্পীদের দেহভাষার পাশাপাশি সজীব আলো, সংগীত যোগ করেছি মাত্র।’
একটি প্রশ্ন ছিল, এই নাটকে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের বিভিন্ন বর্ণের মানুষ অভিনয় করছেন। এটি ইচ্ছে করেই করা হয়েছে, নাকি কাকতালীয়? এই প্রশ্নের উত্তরে তাঁরা বললেন, ‘আপনিই চিন্তা করুন, বাংলাদেশের একজন দর্শক যদি গ্লোব থিয়েটারে নাটক দেখতে গিয়ে তাঁর দেশের কোনো অভিনেতাকে আবিষ্কার করেন, তাহলে তো নাটকের সঙ্গে অনেক দ্রুত সংযোগ স্থাপন করতে পারবেন। এ কারণেই ইচ্ছে করে এটা করা।’
গ্লোব থিয়েটারের হ্যামলেট-­এর পুরো আয়োজনটি করেছে ঢাকা থিয়েটার। পৃষ্ঠপোষকতায় ছিল সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, সহযোগিতা করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী, আইটিআই বাংলাদেশ কেন্দ্র ও ব্রিটিশ কাউন্সিল।