ঢাকায় 'থর'

পৃথিবীসহ বাকি নয়টি রাজ্যকে ছায়াময় এক ভিলেনের হাত থেকে বাঁচাতে যুদ্ধ করে থর। মহাবিশ্ব ঘিরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিজের জীবন বাজি রাখে সে। এ সময় আবির্ভাব হয় এক প্রতিহিংসাপরায়ণ খলনায়কের। সে মহাবিশ্বকে অন্ধকারে নিমজ্জিত করে। এই শত্রুর বিরুদ্ধে রাজা ওডিন এবং অ্যাসগার্ড প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হয়। এ অবস্থায় মহাবিশ্বকে কীভাবে বাঁচাবে থর, এমনই গল্প নিয়ে থর: দ্য ডার্ক ওয়ার্ল্ড ছবিটি। লন্ডনে ছবিটির উদ্বোধনী প্রদর্শনী হয়েছিল গত বছরের ২২ অক্টোবর আর যুক্তরাষ্ট্রে ৮ নভেম্বর। বিশ্বের বিভিন্ন দেশে দারুণ ব্যবসাসফল ছবিটি শুক্রবার মুক্তি পাচ্ছে ঢাকায় স্টার সিনেপ্লেক্সে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় ছবিটির উদ্বোধনী প্রদর্শনী হবে।
ছবিতে ‘থর’ চরিত্রে অভিনয় করেছেন ক্রিস হেমসওয়ার্থ আর তার বান্ধবী জেন ফস্টারের চরিত্রে নাটালি পোর্টম্যান। পরিচালনা করেছেন অ্যালেন টেলর।