ঢাকায় 'পৌরাণিক মন'

কিছুকাল আগেও আমরা স্থিত ছিলাম। প্রেরণা ও প্রশান্তি আমাদের ঘিরে রেখেছিল। মানুষ এখন ক্ষুব্ধ সময় পার করছে। ধীরে ধীরে নৈতিকতা, প্রজ্ঞা আর মানবতা যেন হারিয়ে যাচ্ছে। অতীত, বর্তমান ও ভবিষ্যতের মধ্যে সেতু গড়ে শিল্পী এ আর রুমী আঁকলেন একগুচ্ছ ছবি। সেসব নিয়ে ঢাকায় শুরু হয়েছে প্রদর্শনী।
আজ মঙ্গলবার সন্ধ্যায় অলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে শুরু হয়েছে চিত্রশিল্পী এ আর রুমীর চতুর্থ একক চিত্র প্রদর্শনী ‘পৌরাণিক মন’। অলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার ক্যাফে-লা-ভেরান্দায় প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান জাইদ বখত, গবেষক আরভি আহমেদ ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক শামীম আহসান।

শিল্পী রুমী ভাঙছেন সীমানা, নতুন করে গড়ছেনও। চিত্রকলার মধ্য দিয়ে তিনি নির্মাণ করছেন একটি আনন্দভূবন, যার মধ্যে চিত্র রসিকেরা পূর্ণতা ও মুক্তির স্বাদ পাবেন। তাঁর পৌরাণিক মন সত্য সন্ধানী। সেখানে যেমন সৌন্দর্য, সংঘর্ষ ও রহস্যময়তা আছে, তেমনি আছে যাচাই করে দেখার প্রবণতা। ‘পৌরাণিক মন’-এর চিত্রকর্মগুলোর মাধ্যমে দর্শকের সংক্ষুব্ধ মনকে ঐক্যবদ্ধ করে ভাবনার দরজাগুলো খুলে দিতে চান শিল্পী।
রুমী ১৯৭৯ সালে নাটোরে জন্মগ্রহণ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিএফএ ও ইউনিভাসির্টি অব ডেভেলপমেন্ট আলটারনেটিভ (ইউডা) থেকে করেছেন এমএফএ। সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন ইউডায়। জাপানের টোকিওতে তাঁর প্রথম একক প্রদর্শনী হয় ২০০৬ সালে।

প্রদর্শনীতে রয়েছে জলরঙের ২৭টি ও জল ও কলমে আঁকা আরো তিনটি ছবি। রুমীর একক এ প্রদর্শনীটি চলবে ২ সেপ্টেম্বর পর্যন্ত। সোম থেকে বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে রাত ৯টা, শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যালারি খোলা থাকবে।