ঢাকায় 'বেলাশেষে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেলাশেষে ছবিতে স্বাতীলেখা সেনগুপ্ত ও সৌমিত্র চট্টোপাধ্যায়
বেলাশেষে ছবিতে স্বাতীলেখা সেনগুপ্ত ও সৌমিত্র চট্টোপাধ্যায়

দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে কলকাতার এ সময়ের ব্যবসাসফল ছবি বেলাশেষে। ২৬ ফেব্রুয়ারি ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, বলাকা, আনন্দ, শ্যামলী আর শাহীন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর স্টার সিনেপ্লেক্সে ছবিটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করে এশিয়াটিক ধ্বনি-চিত্র লি. ও জিরোনা বাংলাদেশ। বাংলাদেশে ছবিটির পরিবেশনার দায়িত্বে আছে প্রতিষ্ঠান দুটি। এই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ছবির পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং প্রযোজক অতনু রায় চৌধুরী ও প্রভাত দে।
প্রদর্শনীর আগে প্রথম আলোর কার্যালয়ে আসেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি জানান, কলকাতায় ছবিটি টানা ২১৬ দিন দেখানো হয়েছে। এ ছাড়া ভারতের বিভিন্ন শহরের উল্লেখযোগ্য ৩৭টি প্রেক্ষাগৃহেও মুক্তি পেয়েছে ছবিটি।
রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় তৈরি করেন ঘরে-বাইরে ছবিটি। ওই ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্ত। এর ৩০ বছর পর বেলাশেষে ছবিতে আবারও একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। ছবিতে আরও অভিনয় করেছেন শঙ্কর চক্রবর্তী, ইন্দ্রানী দত্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত, অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, মনামি ঘোষ প্রমুখ।
এদিকে ২৬ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় মুক্তি পাচ্ছে বাংলাদেশের ছবি শিহাব শাহীনের ছুঁয়ে দিলে মন। এই ছবিতে অভিনয় করেছেন আরিফিন শুভ ও মম।