ঢাকায় 'বেলাশেষে' অভিভূত সৌমিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেলাশেষে ছবিতে স্বাতীলেখা সেনগুপ্ত ও সৌমিত্র চট্টোপাধ্যায়
বেলাশেষে ছবিতে স্বাতীলেখা সেনগুপ্ত ও সৌমিত্র চট্টোপাধ্যায়

: কেমন আছেন?
: শরীরটা ভালো যাচ্ছে না। বয়স হয়েছে। অনেক দিন ব্রংকাইটিসে ভুগছি।
: বাসায়ই আছেন?
: তা আর থাকতে পারছি কোথায়? মঞ্চের একটা নাটকের মহড়া হচ্ছে। এখানে এসেছি। মহড়া থেকে বেরিয়ে আপনার সঙ্গে কথা বলছি। ভেতরে ওরা অপেক্ষা করছে। তাড়াতাড়ি ফিরতে হবে।
: ঢাকায় বেলাশেষে ছবিটি মুক্তি পাচ্ছে।
: শুনেছি। এটা ভালো খবর। আমার খুব ভালো লাগছে। কলকাতার দর্শক তো ছবিটা দেখেছেন, আশা করছি আপনাদের ওখানকার দর্শকও ছবিটা দেখবেন।
১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় মুঠোফোনে কথা হলো প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে। বেলাশেষে ছবিতে অভিনয় করেছেন তিনি। পরদিন সন্ধ্যায় ঢাকায় স্টার সিনেপ্লেক্সে ছবিটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করে এ দেশে ছবিটির পরিবেশক এশিয়াটিক ধ্বনি-চিত্র লি. ও জিরোনা বাংলাদেশ। আগে জানানো হয়েছিল, এই প্রদর্শনীতে উপস্থিত থাকবেন বেলাশেষে ছবির প্রধান দুই শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্ত। কিন্তু পরে জানানো হয়, অসুস্থততার কারণে আসতে পারছেন না তাঁরা। এরপর কলকাতায় মুঠোফোনে যোগাযোগ করা হয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে।
কাল ২৬ ফেব্রুয়ারি ঢাকার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে কলকাতার এ সময়ের দারুণ ব্যবসাসফল ছবি বেলাশেষে। ছবিটি মুক্তি পাচ্ছে স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টারস, বলাকা, আনন্দ, শ্যামলী আর শাহীন প্রেক্ষাগৃহে।
পরিবারের এক আনন্দঘন মুহূর্তে বিশ্বনাথ মজুমদার (সৌমিত্র চট্টোপাধ্যায়) ঘোষণা করেন, তাঁর স্ত্রী আরতির (স্বাতীলেখা) সঙ্গে বৈবাহিক সম্পর্কের ইতি টানতে আইনি প্রক্রিয়া চূড়ান্ত করেছেন তিনি। ঝড় ওঠে সংসারে। পূজার আনন্দ ভুলে করণীয় ঠিক করতে পারিবারিক বৈঠকে বসেন সন্তানেরা।
আদালতের আদেশে ১৫ দিন একসঙ্গে থাকতে হবে বিশ্বনাথ ও আরতিকে। এই সময়কে ব্যবচ্ছেদ করে বেলাশেষে ছবিটি।
: বেলেশেষে ছবির বিশ্বনাথ মজুমদারকে কেমন লেগেছে?
: চরিত্রটিতে আমিই অভিনয় করেছি, কিন্তু লোকটিকে আমার মোটেও পছন্দ নয়। এ ধরনের মানুষকে পছন্দ হওয়ার কোনো মানে আছে?
বেলাশেষে ছবিতে নিজের চরিত্রের ব্যাপারে এভাবেই মন্তব্য করলেন সৌমিত্র।
রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় তৈরি করেন ঘরে-বাইরে ছবিটি। ওই ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্ত। এরপর পেরিয়ে গেছে ৩০ বছর। বেলাশেষে ছবিতে আবারও একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা।
: এত দিন পর আপনি আর স্বাতীলেখা আবার একসঙ্গে অভিনয় করেছেন।
: এর মাঝে কোনো পরিচালক সেভাবে ভাবেনি, তাই হয়নি। চলচ্চিত্রে কাজ করছি ৫৭ বছর হলো। এ পর্যন্ত সাড়ে তিন শর মতো ছবিতে অভিনয় করেছি। কার সঙ্গে অভিনয় করব, তা আমি কখনো ভাবিনি।
জানালেন, তাঁর অভিনীত ছবি এ দেশে বাণিজ্যিকভাবে মুক্তি পাচ্ছে, এই সময় ঢাকায় আসতে পারলে তিনি বেশি খুশি হতেন। কিন্তু পারছেন না।
ঢাকায় বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বেলাশেষে ছবির পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি। প্রদর্শনীর আগে প্রথম আলোর কার্যালয়ে আসেন শিবপ্রসাদ মুখার্জি। তিনি জানান, কলকাতায় ছবিটি টানা ২১৬ দিন দেখানো হয়েছে। এ ছাড়া ভারতের বিভিন্ন শহরের উল্লেখযোগ্য ৩৭টি প্রেক্ষাগৃহেও মুক্তি পেয়েছে ছবিটি।
এর আগে এই পরিচালক জুটি তৈরি করেছেন ইচ্ছে, হ্যালো মেমসাহেব, অ্যাক্সিডেন্ট ও রামধনু। বেলাশেষে তাঁদের এনে দিয়েছে অন্য রকম সাফল্য। শিবপ্রসাদ মুখার্জি বললেন, ‘সাফল্যের চেহারাটা আমরা এবার দেখতে পেয়েছি। প্রত্যেক উচ্চতাতেই তো কয়েকটা ধাপ বেয়ে উঠতে হয়। সেটা মনে হয় গত পাঁচ বছরে তৈরি হচ্ছিল। আমাদের ওপর মানুষের বিশ্বাস তৈরি হয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ।’
বেলাশেষে ছবিতে আরও অভিনয় করেছেন শঙ্কর চক্রবর্তী, ইন্দ্রাণী দত্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত, অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, মনামি ঘোষ প্রমুখ।