ঢাকায় ‘রানওয়ে’ ও নরসুন্দর’
তারেক মাসুদ ও মিশুক মুনীরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে তাঁদের নির্মিত শেষ দুটি চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম। চলচ্চিত্র দুটি হলো রানওয়ে ও নরসুন্দর। ছবি দুটির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তারেক মাসুদ এবং প্রধান চিত্রগ্রাহক ছিলেন মিশুক মুনীর।শাহবাগে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে কাল শনিবার ছবি দুটির প্রদর্শনী হবে বেলা ১১টা, একটা ও সন্ধ্যা সাড়ে সাতটায়। বেলা তিনটায় হবে ‘তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণ অনুষ্ঠান’। দিনব্যাপী এই আয়োজনে সহযোগিতা করছে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ ও বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদ।বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তারেক মাসুদ। গত ১৩ আগস্ট মানিকগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। তাঁর সঙ্গে একই দুর্ঘটনায় নিহত হয়েছেন বিশিষ্ট চিত্রগ্রাহক ও এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মিশুক মুনীর। বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের ঊর্ধ্বতন কর্মকর্তা এন রাশেদ চৌধুরী বলেন, ‘রানওয়ে ও নরসুন্দর ছবিটি আগামীতে ঢাকায় বাণিজ্যিকভাবে মুক্তি দেওয়া হবে। কিন্তু তারেক মাসুদ ও মিশুক মুনীরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে কাল শনিবার আমরা ছবি দুটির তিনটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছি। প্রদর্শনীগুলোর টিকিট বিক্রি থেকে পাওয়া অর্থ তারেক মাসুদ ও মিশুক মুনীরের সঙ্গে একই দুর্ঘটনায় নিহত তিনজন চলচ্চিত্রকর্মীর পরিবারকে দেওয়া হবে। অনুষ্ঠানে প্রয়াত তারেক মাসুদ ও মিশুক মুনীরের পরিবার, বন্ধু, টিভি ও চলচ্চিত্র অঙ্গন, অভিনয়শিল্পী, চিত্রশিল্পীসহ বিভিন্ন মাধ্যমের সংশ্লিষ্টদের আমন্ত্রণ জানাচ্ছি।’ এদিকে আজ শুক্রবার তারেক মাসুদ ও মিশুক মুনীরকে স্মরণ করবে নাট্য নির্মাতাদের সংগঠন গাধার পাল। ১৪৬/২ নিউ বেইলী রোড ঠিকানার গাধার পাল মুক্তমঞ্চে এই আয়োজন প্রসঙ্গে অনিমেষ আইচ বলেন, ‘আমরা এই দুজন চলচ্চিত্র ব্যক্তিত্বের পরিবারের সদস্য, বন্ধু ও কাছের মানুষজনকে আমন্ত্রণ জানিয়েছি। অনুষ্ঠানে গান করার জন্য অনুরোধ করেছি শিমূল ইউসুফ ও সজীবকে। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাতটায়। স্মরণ শেষে তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ পরিচালিত অন্তর্যাত্রা ও নরসুন্দর ছবি দুটি প্রদর্শন করা হবে।’