ঢাকায় ‘সুপার এইট’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের ১০ জুন হলিউডে মুক্তি পেয়েছিল ‘স্টার ট্রেক’ ও ‘মিশন ইম্পসিবল থ্রি’খ্যাত পরিচালক জে জে আব্রাহাম পরিচালিত ‘সুপার এইট’ ছবিটি। ৮ জুন ঢাকার প্রেক্ষাগৃহে প্রদর্শিত হতে যাচ্ছে ‘সুপার এইট’। ঢাকার সিনেমাপ্রেমী দর্শকদের জন্য ‘সুপার এইট’ ছবিটি নিয়ে আসছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। ‘সুপার এইট’ ছবিটির প্রেক্ষাপট ১৯৭৯ সালে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের লিলিয়ান শহরে একদল তরুণের তথ্যচিত্র নির্মাণকালীন কিছু ঘটনা। সুপার এইট মিলিমিটার ক্যামেরার সাহায্যে তথ্যচিত্র নির্মাণের কাজ চলাকালে তাঁদের চোখের সামনেই এক ভয়াবহ দুর্ঘটনায় পড়ে ওহাইও ছেড়ে যাওয়া একটি ট্রেন। তাঁদের অজান্তেই দুর্ঘটনার দৃশ্য ছাড়াও আরও কিছু দৃশ্য ক্যামেরাবন্দী হয়। প্রথমে এটিকে নিছক একটি দুর্ঘটনা মনে করলেও পরে দুর্ঘটনার দৃশ্য দেখে সবার ধারণা পাল্টে যায়। কারণ ওই ঘটনার পর থেকে শহরে শুরু হয় একের পর এক অস্বাভাবিক ও অদ্ভুত ঘটনা ঘটা। যার বেশির ভাগেরই কোনো ব্যাখ্যা দিতে পারে না কেউ। এমনই এক রহস্যময় কাহিনি নিয়েই নির্মিত হয়েছে সায়েন্স ফিকশন ছবি ‘সুপার এইট’।প্যারামাউন্ট পিকচার্সের ব্যানারে নির্মিত ‘সুপার এইট’ ছবিটিতে অভিনয় করেছেন কাইল স্যান্ডলার, এলি ফ্যানিং, নোয়া এমেরিখ, রন এলডার্ডসহ আরও অনেকে।উল্লেখ্য, গত বছরের ১০ জুন মুক্তির প্রথম তিন দিনে ‘সুপার এইট’ ছবিটি তিন কোটি ৫৫ লাখ ডলার আয় করে বক্স অফিসের শীর্ষস্থান দখল করে নিয়েছিল ছবিটি। ৫ কোটি ডলার ব্যয়ে নির্মিত এ ছবি আয় করেছে প্রায় ২৫ কোটি মার্কিন ডলার।