ঢাকায় 'হবিট'-এর শেষ কিস্তি

এ মাসেই আন্তর্জাতিকভাবে মুক্তি পায় পিটার জ্যাকসনের ব্যবসাসফল ট্রিলজি ‘হবিট’-এর শেষ কিস্তি দ্য হবিট: দ্য ব্যাটেল অব দ্য ফাইভ আর্মিস। শুক্রবার থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে চলছে এ ছবি। প্রথম দুইদিন গ্রামীণফোন বন্ধু গ্যারেজের সদস্যরা এ ছবি দেখতে পারছে। আগামীকাল রোববার থেকে ছবিটি দেখতে পারবে সবাই।
গত মঙ্গলবার ব্লকবাস্টার সিনেমাসে অনুষ্ঠিত হয় দ্য হবিট-এর প্রিমিয়ার শো। আগামীকাল থেকে এ মাল্টিপ্লেক্সেই ছবিটির নিয়মিত প্রদর্শনী শুরু হবে। দ্য হবিট: দ্য ব্যাটেল অব দ্য ফাইভ আর্মিস এ মুহূর্তে হলিউড বক্স অফিসের সেরা পাঁচ ছবির তালিকায় রয়েছে। এতে অভিনয় করেছেন মার্টিন ফ্রিম্যান, ইয়ান ম্যাককেলেন, রিচার্ড আর্মিটেজ, লি পেস, লিউক ইভানস, বেনেডিক্ট কাম্বারব্যাচ, কেন স্টট, জেমস নেসবিট প্রমুখ। ছবিতে বিশেষ কিছু চরিত্রে দেখা যাবে হলিউড তারকা কেট ব্ল্যানচেট, ইয়ান হোস, ক্রিস্টোফার লি, হুগো উইভিং ও অর্লান্ডো ব্লুমকে।