ঢাবিতে নৃত্যকলা বিষয়ে স্বতন্ত্র বিভাগ খোলার উদ্যোগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নৃত্যকলা বিষয়ে একটি স্বতন্ত্র বিভাগ খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে বিষয়টি নিয়ে একাডেমিক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। নাট্যকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক রহমত আলী জানান, ‘দীর্ঘদিন ধরে আমরা চাইছি নৃত্যকলা নিয়ে একটি স্বতন্ত্র বিভাগ চালু হোক। গত ৬ জুলাই এ ব্যাপারে বিভাগীয় একাডেমিক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।’নাট্যকলা বিভাগের অধ্যাপক ইসরাফিল শাহীন বলেন, ‘একাডেমিক কমিটির সভার পর আমরা একটি সুপারিশমালা তৈরি করেছি। অধ্যাপক লায়লা হাসানকে বিভাগীয় প্রধান করে শিক্ষক প্যানেল ঘোষণা করা হয়। পাশাপাশি চার বছর মেয়াদি সম্মান কোর্সের পাঠ্যক্রমের নির্দেশনাও দেওয়া হয়েছে। সভার সিদ্ধান্তগুলো কলা অনুষদের ডিন ড. সদরুল আমিনের কাছে সুপারিশ আকারে দেওয়া হয়েছে।’এ প্রসঙ্গে কলা অনুষদের ডিন সদরুল আমিন বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি। কিন্তু তা বাস্তবায়নে একটু সময় লাগবে। বিভাগীয় প্রধানদের অফিস কক্ষ এবং শ্রেণীকক্ষ নিয়ে একটা সংকটে আছি। এগুলো সমাধান করেই নৃত্যকলাবিষয়ক বিভাগটি চালু করা হবে।’এদিকে গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ ব্যাপারে সবার দৃষ্টি আকর্ষণ করেন ইসরাফিল শাহীন। তিনি এই নৃত্যকলা বিভাগ খোলার গুরুত্বের কথা তুলে ধরেন। জানা গেছে, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি লায়লা হাসানের এক আবেদনের পরিপ্রেক্ষিতে নৃত্যকলা বিষয় নিয়ে একটি স্বতন্ত্র বিভাগ খোলার উদ্যোগ নেওয়া হয়।