ঢাবির নাট্যকলা বিভাগে যাত্রাপালা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থীদের পাঠ্যসূচিতে এবার দ্বিতীয়বারের মতো অন্তর্ভুক্ত হলো ঐতিহ্যবাহী যাত্রা। সোহরাব-রুস্তম নামে একটি পালার মঞ্চায়নের প্রস্তুতি চলছে। পালাটির কয়েকটি প্রদর্শনী হবে। তবে উদ্বোধনী মঞ্চায়ন হবে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে আগামী ১ জুলাই। গত এপ্রিল থেকে ৩০ মে পর্যন্ত একটানা সোহরাব-রুস্তম-এর মহড়া চলে কলাভবনে, নাটমণ্ডলে ও টিএসসিতে। জানা গেছে, চূড়ান্ত পর্বের মহড়া শুরু হবে গ্রীষ্মকালীন ছুটির পর। মহাকবি ফিরদৌসীর অমর মহাকাব্য শাহনামা অবলম্বনে যাত্রাপালাটির রচয়িতা ব্রজেন্দ্র কুমার দে এমএবিটি। পিতা ও পুত্র রুস্তম-সোহরাবের মধ্যে যে যুদ্ধ সংঘটিত হয় এবং পিতার কোলে পুত্রের যে মৃত্যু—যাত্রাপালার কাহিনিতে এ নির্মম ও করুণ পরিণতির পেছনে রয়েছে রাজনীতির ছলাকলা। দুর্ধর্ষ ইরানরাজ কায়কাউসের রাজ্যলিপ্সার বলি হয়ে রুস্তম একে এতে তিন পুত্রকে হত্যা করে। সবশেষে জীবনের প্রান্তসীমায় দাঁড়িয়ে সে উপলব্ধি করে, ‘যুদ্ধ নয়, জগতের কল্যাণের জন্য চাই শান্তি।’ বস্তুত, যুদ্ধবিরোধী চেতনাই এই পালার মর্মকথা। যাত্রাপালার বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের পাঠদানের জন্য অতিথি শিক্ষক হিসেবে আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট যাত্রাব্যক্তিত্ব, যাত্রা প্রশিক্ষণ উন্নয়ন গবেষণা পরিষদের নির্বাহী পরিচালক মিলন কান্তি দে। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন ইসরাফিল শাহীন। এ পালার সঙ্গে আরও যুক্ত আছেন সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তী ও শাহমান মৈশান।উল্লেখ্য, ২০০৮ সালে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে যাত্রা অন্তর্ভুক্ত হয়। সেবার শিক্ষার্থীদের অংশগ্রহণে মঞ্চস্থ হয়েছিল ঐতিহাসিক যাত্রাপালা সাজাহান। দর্শকও সাদরে গ্রহণ করেছিল সে পালা।