ঢালিউড কর্নার
সেন্সরে যাচ্ছে ‘ভালোবাসার রং’একটি রোমান্টিক প্রেমের গল্প ঘিরে গড়ে উঠেছে ভালোবাসার রং-এর কাহিনি। এই ছবি দিয়ে নতুন এক জোড়া মুখ উপহার দিচ্ছেন শাহীন-সুমন। তাঁরা হলেন বাপ্পী ও মাহি। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন রাজ্জাক, মিজু আহমেদ। এ ছাড়া একটি বিশেষ চরিত্রে আছেন অমিত হাসান। ছবিটি নির্মাণ করা হয়েছে রেড ক্যামেরা ও ডিটিএস সাউন্ড সিস্টেমে। পরিচালক জানিয়েছেন, গতানুগতিক ধারার বাইরে চলচ্চিত্রটিতে নতুন প্রযুক্তির নতুন এবং অভিনব ধারণার সন্নিবেশ ঘটিয়ে একটি অসাধারণ চলচ্চিত্রে রূপ দেওয়া হয়েছে। এ ছবির বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন মিলা, ন্যান্সি, সায়মন, আগুন, কিশোর ও কণা। সুর ও সংগীত করেছেন শওকত আলী ইমন ও ইমন সাহা। ছবির প্রযোজক শীষ মনোয়ার জানিয়েছেন, ছবিটি শিগগিরই ছাড়পত্রের জন্য সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বিশ্ব ভালোবাসা দিবসে ছবিটি বাংলাদেশসহ আরও চারটি দেশে মুক্তি দেওয়া হবে। এ জন্য ছবিটিতে সাবটাইটেল করার উদ্যোগ নেওয়া হয়েছে।ডাবিংয়ে ‘মুক্তি’অনুদানের চলচ্চিত্র মুক্তির ডাবিং শুরু হয়েছে এফডিসির ৫ নম্বর ডিজিটাল থিয়েটারে ১ ডিসেম্বর থেকে। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে নির্মিত ছবিটি নির্মাণ করছেন পি এ কাজল। তিনি জানিয়েছেন, ছবিটির শুটিং শেষ হয়েছে। ডাবিং করার পরই এর আবহ সংগীত করা হবে। তারপর ছবিটির সেন্সর প্রিন্ট করে ছাড়পত্রের জন্য জমা দেওয়া হবে। এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সোহেল রানা, দিতি, সুজাতা, হেলাল খান, আমির সিরাজী, রেবেকা। পরিচালক জানিয়েছেন, ছবিটি আগামী ২৬ মার্চ মুক্তি দেওয়া হবে।