ঢালিউড কাঁপানো ১০০ দিন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘অতঃপর তাহারা সুখে-শান্তিতে বসবাস করিতে লাগিল’—গত শতাব্দীর আশির দশকের বেশির ভাগ ঢাকাই ছবির শেষে রূপকথার এই বাক্যটির প্রভাব থাকত। আজকের এই লেখার শেষটায় এমন একটি মন্তব্য দিয়ে শেষ করা গেলে সেটা হতো ঢাকাই চলচ্চিত্র শিল্পের জন্য আশাজাগানিয়া ব্যাপার। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। বাস্তবতা মোটেও আশা জাগায় না; হতাশায় ফেলে দেয়। ঢাকাই চলচ্চিত্র অঙ্গনের ফুলের বাগানে এখন সাপের বিচরণ। এখন এখানে সবার বুকে জ্বালা। এ ওকে বয়কট করছে, ও তাকে দূরে সরিয়ে দিচ্ছে। মান, অভিমান, অবিশ্বাসের বিষ এতটাই দংশন করছে যে বিষয়টা রীতিমতো হাতাহাতি করে ‘বস্ত্রহরণ’ পর্যায়েও পৌঁছে গেছে! অভিভাবক তথ্য মন্ত্রণালয় পেরিয়ে উচ্চ আদালতও গড়িয়েছে। এখন কোন ছবি চলবে, কে অভিনয় করতে পারবে, কে পারবে না—সেটা আদালত ফয়সালা করার মতোও ঘটনা ঘটেছে। আশা-নিরাশা, ভালো-মন্দে কোনোমতে দিন কেটে যাচ্ছিল। মিলেমিশেই ছিলেন শিল্পী, পরিচালক, প্রযোজক, প্রদর্শকেরা। কিন্তু হঠাৎ করেই এই ফুলের বাগানে সাপের আবির্ভাব ঘটল। দিনপঞ্জিকার হিসাব ধরে পেছনে গেলে মিলবে ১০০টা দিন। ১০০টা দিন—এই ১০০ দিনে ঢালিউড বা ঢাকাই চলচ্চিত্রে অনেক কিছু ঘটেছে, যা গত ৪০ বছরেও ঘটেনি।
দাবি আদায়ে রাজপথে নেমেছিলেন চলচ্চিত্রের িশল্পী ও কলাকুশলীরা
দাবি আদায়ে রাজপথে নেমেছিলেন চলচ্চিত্রের িশল্পী ও কলাকুশলীরা

৮ এপ্রিল, ২০১৭, শুরু হলো নির্বাচনী ডামাডোল

এদিন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির তফসিল ঘোষণা করা হয়। মূলত এদিন থেকে নির্বাচনের আনুষ্ঠানিক দৌড়ঝাঁপ শুরু হয়। ১৩ এপ্রিল মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রথম থেকেই মিশা সওদাগর-জায়েদ খান, ওমর সানি-অমিত হাসান ও ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা; এই তিনটি প্যানেল প্রচার-প্রচারণা শুরু করে। জাতীয় নির্বাচন থেকে শুরু করে পাড়া-গ্রামের ইউনিয়ন পরিষদ নির্বাচনে যা ঘটে, এখানেও অনেকটা তেমনই ঘটতে থাকে। প্রকাশ্যে, গোপনে, সভা-সমাবেশে, আড্ডায়, সামাজিক যোগাযোগমাধ্যমে এক প্রার্থী আরেক প্রার্থীর বিরুদ্ধে বিষোদ্‌গার করতেই থাকেন।

প্রকাশ না করলেও ওই সময় থেকে একধরনের দেয়াল তৈরি হয়। নির্বাচনকে ঘিরে নানা গুজব, ভোটার টানতে ভীতি প্রদর্শন, টাকার বেনামি ওড়াউড়িসহ নানা প্রশ্ন এখন চলচ্চিত্র-সংশ্লিষ্ট মানুষের মনে।

এপ্রিলে শাকিব খান ও অপু বিশ্বাসের বিয়ে এবং সন্তানের খবর প্রকাশিত হয় সংবাদমাধ্যমে
এপ্রিলে শাকিব খান ও অপু বিশ্বাসের বিয়ে এবং সন্তানের খবর প্রকাশিত হয় সংবাদমাধ্যমে

২৪ এপ্রিল, ২০১৭, শাকিবের মন্তব্যে ক্ষিপ্ত সমিতি

একদিকে শিল্পী সমিতির নির্বাচনের ডামাডোল, অন্যদিকে সংবাদমাধ্যমে চলে এল সমকালীন বাণিজ্যিক চলচ্চিত্রের অবিসংবাদিত শাসক শাকিব খান আর অপু বিশ্বাসের বিয়ে এবং সন্তানের খবর। এই সূত্রে ১৪ এপ্রিল পয়লা বৈশাখে দৈনিক প্রথম আলোর সঙ্গে স্ত্রী, সন্তান পাশে রেখে সাক্ষাৎকার দেন শাকিব খান। ১৬ এপ্রিল ওই সাক্ষাৎকারটি ছাপা হয়। এতে ‘বিয়ে-সন্তানের বিষয়টি নাটকীয়ভাবে গণমাধ্যমে আসা নিয়ে তির্যক মন্তব্য’ নিয়ে প্রশ্নের জবাবে শাকিব খান বলেন, ‘এখন যেহেতু বেশি সিনেমা হচ্ছে না, তাই বেকার লোকের সংখ্যাও একটু বেশি। পরিচালক সমিতির তালিকা দেখবেন, অনেক পরিচালক। তাঁরা এফডিসিতে আড্ডাও মারছেন। কিন্তু কাজ করছেন কতজন? প্রযোজকের ক্ষেত্রেও দেখবেন একই অবস্থা...।’

ব্যস, রেগে আগুন তেলে বেগুনে! ওই বক্তব্যে যারপরনাই ব্যথিত হন চলচ্চিত্র পরিচালক সমিতির নেতারা। ক্ষিপ্ত হন। পরিচালক সমিতির উকিল নোটিশ পৌঁছে যায় শাকিব খানের গুলশানের বাসায়।

শপথ নেওয়ার আগে বঁা থেকে জায়েদ খান, িরয়াজ ও িমশা সওদাগর
শপথ নেওয়ার আগে বঁা থেকে জায়েদ খান, িরয়াজ ও িমশা সওদাগর

২৯ এপ্রিল, ২০১৭, শাকিবের সঙ্গে আড়ি

এদিন বিকেলে পরিচালক সমিতিসহ চলচ্চিত্র গ্রাহক সংস্থা, স্থির গ্রাহক সমিতি, উৎপাদন ব্যবস্থাপক সমিতি, এডিটরস গিল্ড, ফাইট ডিরেক্টর অ্যাসোসিয়েশন, নৃত্য পরিচালক সমিতিসহ সংশ্লিষ্ট সমিতির নেতারা যৌথ সভা করে অনির্দিষ্ট কালের জন্য শাকিব খানের সঙ্গে সিনেমার শুটিং ও ডাবিং কাজে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানায়।

 ৩০ এপ্রিল, ২০১৭, দুঃখিত শাকিব

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। সহকর্মীদের এভাবে খেপানো ঠিক হয়নি—নিজের ভুল বুঝতে পারেন শাকিব খান। তাঁর অভিভাবকের ভূমিকায় হাজির হন জ্যেষ্ঠ অভিনেতা আলমগীর। সেদিন সন্ধ্যায় চিত্রনায়ক আলমগীরের আহ্বানে সাড়া দিয়ে শাকিব বিএফডিসির বাংলাদেশ শিল্পী সমিতির কার্যালয়ে যান। সেখানে চিত্রনায়ক সোহেল রানাসহ পরিচালক সমিতির নেতাদের সঙ্গে দেখা করেন।

সে সময় চলচ্চিত্র-সংশ্লিষ্ট আরও ১১টি সংগঠনের প্রতিনিধিরাও ছিলেন। ওই বৈঠকে শাকিব খান বলেন, ‘ব্যক্তিজীবনের সংকটময় পরিস্থিতিতে আমি কিছুটা বিক্ষিপ্ত ছিলাম। তখন আমার আচরণ ও কথায় যদি কেউ আহত হয়ে থাকেন, তাহলে আমি দুঃখিত। চিত্র পরিচালকসহ চলচ্চিত্র-সংশ্লিষ্ট কেউ কষ্ট পেয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী।’ আপাতত ঠান্ডা হয় চলচ্চিত্র অঙ্গন।

থেকে গেল শুধু নির্বাচনের উত্তাপ।

 ৫ মে, ২০১৭, উজ্জ্বলতম দিন

বিদায়ী বৈশাখের এই দিনটিকে ঢাকাই চলচ্চিত্রের জন্য বছরে উজ্জ্বলতম দিন বলা যায়। তেজগাঁও এলাকার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) আঙিনায় তারকাদের মিলনমেলায় পরিণত হয়েছিল শিল্পী সমিতির ১৪তম নির্বাচনকে উপলক্ষ করে। সকাল থেকেই সুন্দর, পরিপাটি জামাকাপড় পরে আসতে থাকেন আনন্দলোকের তারকারা। সেকালের সুচন্দা, ববিতা, ফারুক, রোজিনা থেকে শুরু করে একালের শাকিব, মৌসুমী, ইমন, সায়মন এমনকি ছোট পর্দায় জনপ্রিয় তারকা জাহীদ হাসানেরাও শামিল হন এখানে। আনন্দ-উল্লাসে বেশ কেটে যায় দিনটি। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট দেওয়া-নেওয়া চলে।

কিন্তু হরিষে বিষাদ নামে রাতে। মধ্যরাতে ভোট গণনাকক্ষে শাকিব খানের ঢুকে পড়াকে কেন্দ্র করে হট্টগোল বেধে যায়। শেষ পর্যন্ত সব নাটকীয়তার অবসান ঘটে, ঠিক হয়ে যায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নেতৃত্ব। নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে আগামী দুই বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর আর সাধারণ সম্পাদক জায়েদ খান।

 ৮ মে, ২০১৭, হামলা ও অভিযোগ

ভোটের রাতে শাকিব এফডিসিতে হামলার শিকার হন, এমন অভিযোগ এনে তেজগাঁও থানায় জিডি করেন। অভিযোগ নম্বর ৩৬৫-তে শাকিব অভিযুক্ত করেন শিল্পী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খান, বিজয়ী কার্যকরী সদস্য সাইমন সাদিক, অভিনেতা জিয়া, ফাইটার শামীম, নৃত্যপরিচালক কালুসহ অজ্ঞাতনামা কয়েকজনকে।

 ১১ মে, ২০১৭, শপথে নিষেধাজ্ঞা

পরদিন শুক্রবার শপথ নেওয়ার মানসিক প্রস্তুতি নিচ্ছিলেন জয়ী শিল্পীরা। এর মধ্যে রমিজ উদ্দিন নামের একজন চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা আদালতে শপথ গ্রহণ স্থগিতের আবেদন করেন। ঢাকার জ্যেষ্ঠ সহকারী জজ দ্বিতীয় আদালতের বিচারক তথ্য-উপাত্ত যাচাই করে শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিতের আদেশ দেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর না করার জন্য আদালত অন্তর্বর্তীকালীন অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।

 ১২ মে, ২০১৭, অবশেষে শপথ

আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি শপথ নিয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনটির নতুন সভাপতি হিসেবে মিশা সওদাগরকে শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালনকারী মনতাজুর রহমান আকবর। এরপর নির্বাচিত অন্য সদস্যদের শপথবাক্য পাঠ করান মিশা সওদাগর।

 ১৮ জুন, ২০১৭, প্রতিবাদ–সমাবেশ

ঈদ আসছে। যথারীতি ঈদকে উপলক্ষ করে চলচ্চিত্রজগতেও শুরু হয় ব্যস্ততা। কেননা, বাংলাদেশের চলচ্চিত্র বাজারে এখনো ঈদের ছবিই সবচেয়ে বড় ভূমিকা রাখে। কিন্তু চলচ্চিত্র অঙ্গনে শুরু হয় নতুন জটিলতা। এ অঙ্গনের এক পক্ষের দাবি, নবাব ও বস ২ অনিয়ম করে মুক্তি পাচ্ছে।

চলচ্চিত্র ঐক্যজোটের নেতা-কর্মী ও সমর্থকেরা এফডিসিতে প্রতিবাদ সমাবেশ করেন। ওই দিন তাঁরা ইস্কাটনে অবস্থিত চলচ্চিত্র সেন্সর বোর্ডের কার্যালয়ের সামনে অবস্থান নেন এবং পরে তথ্য মন্ত্রণালয়ে গিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে বৈঠক করেন।

সেন্সর বোর্ডের সামনে লাঞ্ছনার শিকার হন বোর্ডের সদস্য ইফতেখার উদ্দিন নওশাদ
সেন্সর বোর্ডের সামনে লাঞ্ছনার শিকার হন বোর্ডের সদস্য ইফতেখার উদ্দিন নওশাদ

২১ জুন, ২০১৭, লাঞ্ছিত হল মালিক

চলমান যৌথ প্রযোজনা বিতর্কে জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যুক্ত কলাকুশলী, প্রদর্শক ও বুকিং এজেন্ট সমিতির মুখোমুখি অবস্থানে রয়েছে চলচ্চিত্র-সংশ্লিষ্ট সংগঠনগুলো। যৌথ প্রযোজনার নিয়ম না মেনে নির্মিত নবাব ও বস ২ ছবি দুটির মুক্তি ঠেকাতে আন্দোলনে তখন তুঙ্গে। সেদিন দুপুর সাড়ে ১২টার দিকে এফডিসি থেকে চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তিরা সেন্সর বোর্ড অভিমুখে একটি মিছিল বের করেন। এ সময় তাঁরা স্লোগান দেন, ‘চলচ্চিত্রের দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘ঘেরাও ঘেরাও ঘেরাও হবে, সেন্সর বোর্ড ঘেরাও হবে’, ‘যৌথ প্রতারণা চলবে না’। চলচ্চিত্র-সংশ্লিষ্ট ১৬টি সংগঠন বুধবার দুপুরে সেন্সর বোর্ড ঘেরাও করে। এখানেই বড় রকমের দুর্ঘটনা ঘটে। সেখানেই ঘেরাওকারীদের হাতে লাঞ্ছিত হলেন হল মালিক সমিতির সভাপতি ও মধুমিতা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদ। চলচ্চিত্র রক্ষা আন্দোলনের নেতা-কর্মীদের সঙ্গে তিনি বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে কয়েকজন কর্মী উত্তেজিত হয়ে তাঁর ওপর আক্রমণ করেন। ওই সময় নওশাদের পাঞ্জাবি ছিঁড়ে যায়।

নবাব ও বস ২ চলচ্চিত্র দুটির মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ওই দিন বুধবার মানববন্ধন করেছে চলচ্চিত্র প্রযোজক, প্রদর্শক সমিতি, বুকিং এজেন্ট ও প্রেক্ষাগৃহ মালিকদের জোট। তাদের দাবি, এবারের ঈদের কাঙ্ক্ষিত চলচ্চিত্র হলো যৌথ প্রযোজনায় নির্মিত নবাব ও বস ২। ঈদের আগেই চলচ্চিত্র দুটি মুক্তি দিতে হবে। ওই রাতেই বিনা কর্তনে ছাড় পায় অভিযুক্ত দুই ছবি বস ২, নবাব।

 ২৩ জুন, ২০১৭, অবাঞ্ছিত শাকিব, বহিষ্কার আজিজ

দরজায় কড়া নাড়ছে ঈদ। ছবি মুক্তি দেওয়ার প্রস্তুতি চলছিল। এ সময় চলচ্চিত্র অভিনেতা শাকিব খানের শিল্পী সমিতির সদস্যপদ বাতিল করে ১৬টি সংগঠনের সমন্বয়ে গঠিত বাংলাদেশ চলচ্চিত্র পরিবার। সেই সঙ্গে তাঁকে বিএফডিসিতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। এ ছাড়া যৌথ প্রযোজনার চলচ্চিত্র নির্মাণে অনিয়মের পক্ষ নেওয়ায় তথ্যমন্ত্রীর সব অনুষ্ঠান বর্জন ও তাঁর পদত্যাগের দাবিও করেছে তারা। সেদিন সন্ধ্যায় এফডিসিতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন নেতারা। আবদুল আজিজকে পরিচালক পদ থেকেও বহিষ্কার করার ঘোষণা দেওয়া হয় এ সময়।

 ১১ জুলাই, ২০১৭, হামলার বিরুদ্ধে প্রতিবাদ

ঈদের মুক্তি পাওয়া সব কটি ছবি ব্যবসা করেছে বলে দাবি প্রদর্শকদের।এবার পাল্টা ধাওয়া। সেন্সর বোর্ডের সামনে মালিক ও চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদের ওপর হামলার প্রতিবাদে সারা দেশের সিনেমা হলে চিত্রনায়ক রিয়াজ ও মিশা সওদাগরের ছবি না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন মালিকেরা। হলমালিকদের দাবি, ঘটনার সময় মিশা, রিয়াজ ও প্রযোজক খোরশেদ আলম খসরু সবার আগে নওশাদের গায়ে হাত তোলেন।

কেটে যায় একশ দিন। রয়ে যায় উত্তেজনা।

 ১৮ জুলাই, ২০১৭, শাকিবের সঙ্গে কাজ নয়

বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের ব্যানারে আহ্বায়ক আকবর হোসেন পাঠান ফারুক এবং সদস্যসচিব বদিউল আলম খোকনের সাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয় প্রথম আলো কার্যালয়ে। এতে বলা হয়, চিত্রনায়ক শাকিব খান অভিনীত ‘পুরাতন এবং নতুন’ কোনো ছবির শুটিংয়ের কাজে ‘বাংলাদেশ চলচ্চিত্র পরিবার’-এর অনুভুক্ত সংগঠনসমূহের কোনো সদস্য অংশ নেবেন না। শাকিব খান-সংক্রান্ত কাজ থেকে নিজেদের বিরত থাকবেন। ব্যস, চলচ্চিত্রপাড়া থেকে সারা দেশে রটেছে, শাকিব ‘নিষিদ্ধ’।

 ২৩ জুলাই, ২০১৭, থেকে গেল উত্তেজনা

ঘটনা আবার আদালতে গড়ায়। চলচ্চিত্র পরিবারের বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে শাপলা মিডিয়ার স্বত্বাধিকারী সেলিম খান আদালতে একটি রিট আবেদন করেন, যার ওপর গত রোববার শুনানি হয়। এতে আদালত সিদ্ধান্ত দেন, আগামী তিন মাসের জন্য শাকিব অভিনীত নির্মিতব্য ছবিগুলোর কাজ নির্দ্বিধায় চলতে পারবে। চলচ্চিত্র পরিবারের দেওয়া সেই বিজ্ঞপ্তির কার্যকারিতা তিনটি ছবির ক্ষেত্রে তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। যে তিনটি ছবির ক্ষেত্রে এই বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করা হয়েছে, সেই ছবি তিনটি হলো আমি নেতা হব, মামলা হামলা ঝামেলা ও কথা দিয়ে কেউ কথা রাখে না।

তারপর বিষয়টি আইনি সিদ্ধান্তের মধ্যে থেকে যায়। থেকে যায় চলচ্চিত্রের মানুষদের মধ্যে পারস্পরিক দূরত্ব। অনিশ্চয়তার মধ্যে পড়ে থাকে ঢাকাই চলচ্চিত্রশিল্প। দর্শক ছোট পর্দায়, ইউটিউবে দেশি-বিদেশি বিনোদন খুঁজতে থাকেন। পর্দার সামনের, পেছনের মানুষেরা অসুখে, অশান্তিতে বাস করতে থাকেন।

হাসানুল হক ইনু
হাসানুল হক ইনু

তাঁরা যা বললেন
হাসানুল হক ইনু
তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর অন্ধকার পোড়োবাড়ির এফডিসি চত্বরকে পুনরুজ্জীবিত করেছি আমি। এখানে কোটি টাকার আধুনিক ডিজিটাল যন্ত্রপাতি, ক্যামেরা—সবই এনে দিয়েছি। এখন এফডিসিতে রমরমা অবস্থা, প্রতিদিন শুটিং হচ্ছে। শেখ হাসিনা চলচ্চিত্রকে শিল্প ঘোষণা করেছেন। আমার কাছে মনে হচ্ছে, চলচ্চিত্র জগতের যে পরিবার, যাঁরা প্রখ্যাত অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, প্রযোজক, তাঁরা তাঁদের অভ্যন্তরীণ ব্যবসায়িক দ্বন্দ্বে লিপ্ত। সেখানে সরকারকে কেন জড়াচ্ছে? মন্ত্রীকে কেন জড়াচ্ছে? আর আমার কাছে এটা রহস্যজনক মনে হচ্ছে, একটা অস্থিরতা দেখছি।

মিশা সওদাগর
মিশা সওদাগর

মিশা সওদাগর
সভাপতি, চলচ্চিত্র শিল্পী সমিতি

এখন চলচ্চিত্রে যৌথ প্রযোজনার নামে যে যৌথ প্রতারণা হচ্ছে, আমরা তা নিয়ে আন্দোলন করছি। এর একটা ফলাফল আমরা বের করব। এ পরিস্থিতিতে কে কী বলছে, সব আমরা শুনছি, মনে রাখছি, সময়মতো অবশ্যই জবাব দেওয়া হবে।

ফারুক
ফারুক

 ফারুক
আহ্বায়ক, বাংলাদেশ চলচ্চিত্র পরিবার

অনেকে বলেন শাকিব ছাড়া হবে না, এ কথাটা আমার সামনে কেউ যেন না বলে। এটা আমি বিশ্বাস করতে পারি না। একটি ছবির পেছনে অনেকগুলো ইনভলব থাকে। এককভাবে দিলীপ কুমার না, পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেতাও পারবে না।

শাকিব খান
শাকিব খান

শাকিব খান
চলচ্চিত্র অভিনেতা

বাংলাদেশের চলচ্চিত্রের সঙ্গে আছি, সব সময় থাকতে চাই। বাংলাদেশের চলচ্চিত্রের উন্নয়নে কাজ করে যেতে চাই। আমি কাজ করি দর্শকের জন্য, দেশ ও সমাজের জন্য। তাই কে কী বলল, তাতে আমার যায়-আসে না। আমি কাজ করে যেতে চাই। তবে আমি মনে করি, চলচ্চিত্রের উন্নয়নের স্বার্থে সকলকে এক সঙ্গেই কাজ করতে হবে। এভাবে ভেঙে ভেঙে পৃথক হয়ে চলচ্চিত্রের বৃহত্তর স্বার্থ উদ্ধার করা সম্ভব নয়। আমার মনে হয়, ব্যক্তিগতভাবে কারও বিরুদ্ধে ক্লেশ, বিদ্বেষ থাকলে তা ব্যক্তির নিজের মধ্যেই রাখা উচিত।

রিয়াজ
রিয়াজ

রিয়াজ
চলচ্চিত্র অভিনেতা

আমাদের ছবি পছন্দ না হলে চালাবেন না। কিন্তু দেশীয় চলচ্চিত্রের স্বার্থে লোকাল ছবিগুলো চালান। হলমালিক কিন্তু আমাদের বাইরে না। আপনারা আমাদের পরিবারের সদস্য। আপনারা প্রতারণামূলক ছবি চালাবেন, দেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে বিদেশিদের হাতে দিয়ে দেবেন। তখন কিন্তু চুপ করে বসে থাকব না।

কাজী শোয়েব রশিদ
কাজী শোয়েব রশিদ

কাজী শোয়েব রশিদ
সাধারণ সম্পাদক
বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি।

২০০২ সাল থেকে অশ্লীল ছবি এবং উন্মুক্ত আকাশ সংস্কৃতির প্রভাবে প্রেক্ষাগৃহ ব্যবসায় ধস নামে। একের পর এক বন্ধ হতে থাকে সিনেমা হল। তখন হল বাঁচাতে আমরা ভারতীয় ছবি আমদানির জন্য সরকারের কাছে অনুরোধ রাখি। সেটিও নানা জটিলতায় বন্ধ হয়ে গেলে আমাদের ভরসার জায়গা হয়ে ওঠে যৌথ প্রযোজনার চলচ্চিত্র। আমরা চাই ভালো ছবি। ভালো ছবি দর্শক টানে এবং দর্শক টানলেই সিনেমা হল বাঁচবে। বর্তমানে শাকিব খান অভিনীত ছাড়া অন্য কোনো ছবি তেমনভাবে দর্শক টানতে পারে না। তাই বাধ্য হয়ে আমরা যৌথ প্রযোজনার চলচ্চিত্রকে গ্রহণ করছি।

 (মন্তব্যগুলো বিভিন্ন সংবাদমাধ্যম থেকে নেওয়া)