ঢালিউডে যোগ দিতে ঢাকা ছাড়লেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কে ঢালিউড অ্যাওয়ার্ডে যোগ দিতে ঢাকা ছাড়ল অভিনয় ও সংগীতশিল্পীদের কয়েক সদস্যের একটি দল। দলের সদস্যরা হলেন, কনক চাঁপা, সোমনূর মনির কোনাল, চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, ইমন, বৃন্দাবন দাস ও মীরাক্কেলখ্যাত আবু হেনা রনিসহ আরও অনেকে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কপ্রবাসী বাঙালিদের আয়োজনে ঢালিউড অ্যাওয়ার্ডে যোগ দিতে গতকাল রাত দশটার ফ্লাইটে তুর্কি এয়ারওয়েজের একটি বিমানে চেপে তাঁরা ঢাকা ছাড়েন। এদিকে আজ শুক্রবারও কয়েক সদস্যের আরেকটি দল নিউইয়র্কে যাবে বলে জানা গেছে। এ ছাড়াও দেশের বাইরে থেকে যোগ দেবেন জেমস, আরফিন রুমি, কাজী শুভ, বেলাল খানসহ কয়েকজন শিল্পী।যাওয়ার আগে প্রথম আলো ডটকমের সঙ্গে আলাপে চঞ্চল চৌধুরী বলেন, ‘নিউইয়র্কের প্রবাসী বাঙালিরা প্রতিবছর ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানের জন্য বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করে থাকেন। গতবার ঢালিউড মঞ্চে বৃন্দাবন দাসের লেখা একটি নাটকে আমি ও শাহনাজ খুশি অভিনয় করেছিলাম। নাটকটি সেখানকার উপস্থিত দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়। এবারও ভিন্ন কিছু করার পরিকল্পনা নিয়ে যাচ্ছি। প্রবাসীদের সঙ্গে কয়েকটা দিন কাটাতে পারব ভেবে ভালোই লাগছে। দেশের ফিরেই আবার নাটকের কাজে ব্যস্ত হয়ে যেতে হবে।’ ইমন বলেন, ‘নিউইয়র্কে দুটি অনুষ্ঠানে অংশ নেব। এতে আমার সঙ্গে সারিকার অংশ নেওয়ার কথা ছিল। আমরা সেভাবে প্রস্তুতিও নিয়েছিলাম। কিন্তু শেষ মুহূর্তে জানতে পারলাম সারিকা যেতে পারছে না। এখন হয়তো অন্য কারও সঙ্গে পরিবেশনায় অংশ নিতে হবে।’ কোনাল বলেন, ‘আগামী ৬ ও ৭ এপ্রিল দুটি অনুষ্ঠানে গান করার বিষয়ে কথাবার্তা চূড়ান্ত হয়েছে। অনুষ্ঠানের ফাঁকে নিউইয়র্কে আমার আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করার কাজটিও হবে। তাড়াতাড়ি দেশে ফিরে আবার পুরোদমে গানের কাজ শুরু করব।’ মীরাক্কেলখ্যাত আবু হেনা রনি বলেন, ‘মীরাক্কেলের পর আমি প্রথম জাপানে শো করতে যাই। চমত্কার অভিজ্ঞতা নিয়ে সেখান থেকে ফিরি। এবারই প্রথম যুক্তরাষ্ট্রে যাচ্ছি। আশা করছি, যুক্তরাষ্ট্রের প্রবাসী বাঙালিদের কাছে নিজের সেরা মঞ্চ পরিবেশনা উপস্থাপন করতে পারব।’