ঢালিউডের ইমনের জুটি বলিউডের উর্বশী

বাংলাদেশের অভিনেতা ইমনের সঙ্গে জুটি বাঁধছেন সাবেক মিস ইউনিভার্স ইন্ডিয়া ও বলিউডের অভিনেত্রী উর্বশী রৌতেলা।
বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা স্বপন আহমেদ পরিচালিত ‘পরবাসিনী’ ছবিতে জুটি হচ্ছেন ইমন-উর্বশী। অবশ্য ঠিক পুরো ছবির জন্য নয়, ‘পরবাসিনী’ ছবির একটি আইটেম গানে অংশ নিচ্ছেন তাঁরা। বর্তমানে মুম্বাইয়ে ছবিটির আইটেম গানের মহড়া দিচ্ছেন ইমন ও উর্বশী। আগামীকাল রোববার আইটেম গানটির শুটিং শুরু হবে বলেই জানিয়েছেন ইমন।
এ প্রসঙ্গে মুম্বাই থেকে প্রথম আলোকে ইমন বলেন, ‘বেশ আয়োজন করে ‘পরবাসিনী’ ছবির আইটেম গানটি তৈরি করা হচ্ছে। এ মুহূর্তে উর্বশী আর আমি মহড়া দিচ্ছি। আশা করছি, অসাধারণ একটি গান ঢাকার সিনেমাপ্রেমী দর্শকরা উপভোগ করতে পারবেন।’

‘পরবাসিনী’ ছবিটি পরিচালনা করছেন স্বপন আহমেদ। ছবিটির বিভিন্ন চরিত্রে রয়েছেন নিরব, মেহজাবিন কলকাতার সব্যসাচী চক্রবর্তী, জুন মালিয়া প্রমুখ। সম্প্রতি কলকাতায় ছবিটির শুটিংয়ে অংশ নেন সব্যসাচী ও জুন মালিয়া।
প্রসঙ্গত, ২০১২ সালে ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’ প্রতিযোগিতার শিরোপা জিতেছিলেন ভারতীয় সুপার মডেল উর্বশী রৌতেলা। ‘সিং সাব দ্য গ্রেট’ ছবির মাধ্যমে মাত্র ১৯ বছর বয়সে বলিউডে যাত্রা শুরু হয় উর্বশীর। ২০১৩ সালের নভেম্বরে মুক্তি পাওয়া ছবিটিতে তাঁর সহশিল্পী ছিলেন সানি দেওল, অমৃতা রাও, প্রকাশ রাজ, জনি লিভার প্রমুখ। ছবিটির জন্য বছরের সেরা নবাগত অভিনেত্রী হিসেবে স্টার গিল্ড পুরস্কার অর্জন করেন উর্বশী। এ ছাড়া সেরা নবাগত অভিনেত্রী বিভাগে জি-সিনে পুরস্কারের মনোনয়নও পান তিনি।